মা দুর্গার ভাসান, ফুটবল বিশ্বকাপের বোধন, কলকাতায় পৌঁছল চিলি
কলকাতার বিশ্বকাপের ঢাকে কাঠি। মা দুর্গার বিসর্জনের মধ্যেই শুরু হয়ে গেল অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের বোধন।
বিসর্জনের মধ্যেই বোধনের সুর। তবে এ কোন দেব-দেবীর আরাধনা নয়। প্রথমবার ভারতে বসছে বিশ্বকাপের আসর। আর সেই সূত্রেই কলকাতায় প্রথম বিশ্বকাপের দল হিসেবে পা রাখল চিলি।

রবিবার সকাল ৮:২০ নাগাদ কলকাতায় পৌঁছয় লাতিন আমেরিকার এই দলটি। কলকাতায় পৌঁছে তাঁরা সকলেই হোটেলে পৌঁছে গেছেন। গ্রুপ এফ-তে চিলির সঙ্গে রয়েছে ইংল্যান্ড-ইরাক -মেক্সিকো। চিলি নিজের গ্রুপের কয়েকটি ম্যাচ খেলবে নতুনভাবে তৈরি হওয়া যুবভারতী স্টেডিয়ামে।
এদিকে সূত্রের খবর জেট ল্যাগ থাকলেও ম্যাচ ভেন্যু পরিদর্শনে যাবে চিলি টিম ম্যানেজম্যান্ট।
৮ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গণে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে চিলি। প্রথম ম্যাচে চিলির প্রতিপক্ষ ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৭ দল। গ্রুপ লিগে চিলির পরের খেলা ইরাকের বিপক্ষে। ১১ অক্টোবর যুবভারতীতে মুখোমুখি হবে এই দুই দল। গ্রুপ লিগে কলকাতায় এই দু'টি ম্যাচই খেলবে চিলি। গ্রুপের শেষ ম্যাচ গুয়াহাটির ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে খেলবে তারা।
২০১৫ সালে চিলেতেই বসেছিল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আসর। নিজেদের ঘরের মাঠে তারা রানার্স আপ হয়ে শেষ করেছিল। অ্যালেক্সি স্যানচেজ- আর্তুরো ভিদালের দেশের যুব দল। ১৯৯৩ সালে জাপানে প্রথমবার অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসরে আত্মপ্রকাশ করে চিলি। সেবার টুর্নামেন্টে তৃতীয় হয়ে শেষ করেছিল তারা। এটাই তাদের বিশ্বকাপে সেরা পারফরম্যান্স।
ভারতের মাটিতে বড় পারফরম্যান্স করে দেখাতে আত্মবিশ্বাসী চিলি কোচ হারনান কাপুটো।












Click it and Unblock the Notifications