আইএসএলে চেন্নাইয়িন এফসিকে রুখে দিল হায়দরাবাদ এফসি
আইএসএলে চেন্নাইয়িন এফসিকে রুখে দিল হায়দরাবাদ এফসি। ফতোরদায় এদিনের ম্যাচে ১৩ মিনিটের মাথায় চেন্নাইয়িন এফসি এগিয়ে গিয়েছিল। প্রথমার্ধের ইনজুরি টাইমে সমতা ফেরায় নিজামের শহরের দল। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে না পারায় খেলা ১-১ গোলে অমীমাংসিত থেকে যায়। এই ড্রয়ের ফলে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল হায়দরাবাদ এফসি। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে চেন্নাইয়িন এফসি।

প্রথমার্ধে দাপট বেশি ছিল হায়দরাবাদ এফসিরই। এমনকী তারা এগিয়েও থাকতে পারত বিরতিতে। ১৩ মিনিটের মাথায় অনিরুদ্ধ থাপার মাপা ফ্রি কিকে মাথা ছুঁইয়ে চেন্নাইয়িন এফসিকে এগিয়ে দিয়েছিলেন মহম্মদ সাজিদ ধত। গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমনির কিছুই করার ছিল না। এরপর হায়দরাবাদ এফসি গোল শোধ করতে মরিয়া হলেও পারছিল না চেন্নাইয়িন এফসির বাঙালি গোলকিপার দেবজিৎ মজুমদার দারুণ কিছু সেভ করায়।

যদিও শেষরক্ষা হয়নি। বিরতির ঠিক আগে আশিস রাই দারুণ একটি ক্রস রেখেছিলেন পেনাল্টি এরিয়ায় যা থেকে হেডে গোল করতে কোনও অসুবিধাই হয়নি হাভিয়ের সিভেরিওর। তাঁর এই গোলের সুবাদেই হায়দরাবাদ এফসি সমতা ফেরানোয় প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে আবার বেশি দাপট ছিল চেন্নাইয়িন এফসির। হায়দরাবাদ এফসির রক্ষণকে লাগাতার পরীক্ষার মুখে ফেলে গিয়েছে তারা। ৭৪ মিনিটে নিনথোইগাংবা মীতেলের শট বারে লেগে ফিরে আসে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে তখনই ফের এগিয়ে যেতে পারত চেন্নাইয়িন এফসি।

এরপরও দুই দলের কাছেই সুযোগ আসে, কিন্তু কাজে লাগাতে না পারায় ম্যাচ ড্র হয়ে যায়। অনবদ্য গোলকিপিংয়ের জন্য ম্যাচের সেরা হয়েছেন দেবজিৎ মজুমদার। কাল এফসি গোয়া খেলতে নামবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications