UEFA Super Cup : ভিয়ারিয়ালকে রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে খেতাব ঘরে তুলল চেলসি
ভিয়ারিয়ালকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয় বারের জন্য উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হল চেলসি।
ভিয়ারিয়ালের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি মোকাবিলা অবশেষে রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতল চেলসি। একই সঙ্গে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে মরসুম শেষ করল থমাস তুচেলে দল। এই জয় নতুন মরসুম শুরুর আগে চেলসিকে আত্মবিশ্বাসী করবে বলে মনে করেন ফুটবলপ্রেমীরা। অন্যদিকে পেনাল্টি সেভ করে রাতারাতি নায়ক হয়ে গেলেন ব্রিটিশ ক্লাবের স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

নর্দান আয়ারল্যান্ডের উইন্ডসোর পার্কে অনুষ্ঠিত হওয়া উয়েফা সুপার কাপের হাই-ভোল্টেজ ফাইনালে প্রথম থেকেই আক্রমণে উঠতে শুরু করে চেলসি। পাল্টা আক্রমণে উঠে মাঝেমাঝেই চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ীদের সমস্যার মুখে ঠেলে দেয় ভিয়ারিয়াল। দুই দলের আক্রমণ ও প্রতি আক্রমণে খেলা টানটান হয়ে ওঠে। বলের দখল নিজের কাছে রাখা চেলসি প্রথমার্ধেই বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ হাতছাড়া করে। নিশ্চিত পেতে ব্যর্থ হয় ভিয়ারিয়ালও।
যদিও ম্যাচের প্রথমার্ধেই গোল পেয়ে যায় চেলসি। লাগাতার আক্রমণে উঠে স্কোর করেই ফেলে থমাস তুচেলের দল। হাকিম জিয়েচের গোলে এগিয়ে যায় ব্রিটিশ ক্লাব। প্রথমার্ধে ওই গোল শোধ দিতে পারেনি ভিয়ারিয়াল। তবে দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে ফের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। গোল পরিশোধ দিতে আক্রমণে ঝাঁঝ বাড়ায় স্প্যানিশ ক্লাব। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যাওয়া ভিয়ারিয়ালের স্ট্রাইকারদের শুরুর দিকে নিরস্ত্র করতে সক্ষম হয় চেলসির আঁটোসাঁটো ডিফেন্স। তাতে চিড় ধরে ম্যাচ শেষ হওয়ার ১৭ মিনিট আগে।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার আক্রমণে উঠেও গোল পেতে ব্যর্থ হয় চেলসি। অন্যদিকে প্রতি আক্রমণে উঠে ব্রিটিশ ক্লাবের রক্ষণভাগে ভাঙন ধরাতে সক্ষম হয় স্প্যানিশ ক্লাব। ৭৩ মিনিটের মাথায় জেরার্ড মরেনোর গোলে খেলায় সমতা ফেরায় ভিয়ারিয়াল। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত ১-১ স্কোরই টিকে থাকে। ফলে টাইব্রেকারের মাধ্যমে খেলার ফয়সলা নির্ধারিত হয়।
🏆2⃣0⃣2⃣1⃣🔵#SuperCup pic.twitter.com/zP31gHijm9
— #SuperCup (@ChampionsLeague) August 12, 2021
দুই দলই তাদের প্রথম পাঁচটি শট গোলে রাখতে সক্ষম হয়। ষষ্ঠ শটই চেলসি ও ভিয়ারিয়ালের মধ্যে পার্থক্য গড়ে দেয়। স্পট কিক থেকে গোল করে ব্রিটিশ ক্লাব। অন্যদিকে স্প্যানিশ ক্লাবের তরফে ষষ্ঠ শট মারতে আসা রাউল আলবিওলের কিক সেভ করেন চেলসির গোলরক্ষক কেপা আরিসাবালাগা। দ্বিতীয় বারের জন্য উয়েফা সুপার কাপ জিতে নায়ক গোলরক্ষককে জড়িয়ে ধরেন চেলসির ফুটবলাররা।
করোনা ভাইরাসের আবহে আগামী ১৩ অগাস্ট থেকে শুরু হতে চলেছে প্রিমিয়ার লিগ। চলবে ২০২২ সালের ২২ মে পর্যন্ত। ম্যারাথন এই লিগের ম্যাচগুলিতে মাঠ ভরানোর অনুমতি পেয়েছেন ফুটবল প্রেমীরা। তবে এর জন্য তাঁদের বেশকিছু করোনা বিধিও মেনে চলতে হবে বলে জানিয়েছে এফএ।












Click it and Unblock the Notifications