Champions League : লিভারপুল ও ম্যান সিটির দাপুটে জয়ের দিনে শান্ত মেসি-নেইমার-এমবাপে জুটি
চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে হারাল রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার সিটির বড় জয়, জিতল লিভারপুলও।
চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় হাসিল করল ম্যাঞ্চেস্টার সিটি। আরবি লেইপজিগকে ৬-৩ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। মিলানকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল। ইন্টার মিলানের সঙ্গে হাড্ডাহাড্ডি যুদ্ধে শেষ হাসি হেসেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপে জুটি জ্বলে উঠতে না পারার কারণে ড্র দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল প্যারিস সেইন্ট জার্মেইন বা পিএসজি।

চ্যাম্পিয়ন্স লিগের এ গ্রুপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আরবি লেইপজিগের বিরুদ্ধে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার সিটি। ঘরের মাঠে ম্যাচে প্রথম থেকেই প্রভাব বিস্তার করার চেষ্টা চালায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ৪-৩-৩ ছকে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফালাফালা করার চেষ্টা চালিয়ে যায় ম্যান সিটির ফরোয়ার্ড লাইন। ৪-২-৩-১ ছকে মাঠে নেমে হোম টিমকে কাঁটায় কাঁটায় টক্কর দিতে থাকে আরবি লেইপজিগও। ম্যাচের প্রথম গোলটি হয় ১৬ মিনিটের মাথায়। ম্যান সিটির হয়ে সফলতা হাসিল করেন মাথান আকে। ২৮ মিনিটের মাথায় লেইপজিগ তারকা নরদির আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় হোম টিম। ৪২ মিনিটে এক গোল শোধও দেয় ম্যান সিটির প্রতিপক্ষ দল। গোল করেন ক্রিস্টোফার কুনকু। প্রথমার্ধের শেষ মুহুর্তে পেনাল্টি থেকে গোল দেন ম্যান সিটির রিয়াদ মাহারেজ। ৫৬, ৭৫ ও ৮৫ মিনিটে জয়ী দলের হয়ে গোল করেন যথাক্রমে জ্যাক গ্রেলিশ, জোয়াও কানসেলো, গ্যাব্রিয়াল জেসুস। ৫১ ও ৭৩ মিনিটে লেইপজিগের হয়ে গোল করে হ্যাটট্রিকের মালিক হন কুনকু। ৭৯ মিনিটে লাল কার্ড দেখে পরাজিত দলের কাজ আরও কঠিন করে দিয়েছিলেন আঞ্জেলিনো।

লড়াকু জয় দিয়েই চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু হল লিভাপুলের। মিলানের বিরুদ্ধে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় পেয়েছেন মহম্মদ সালাহরা। ম্যাচের নবম মিনিটে ফিকাইনো তোমোরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ব্রিটিশ ক্লাব। ৪২ মিনিটে গোলও শোধও দিয়ে দেয় মিলান। গোল করেন আন্তে রেবিক। ৪৪ মিনিটে ব্রাহিম দিয়াজের গোলে লিভারপুলের থেকে ব্যবধান বাড়ায় মিলান। দ্বিতীয়ার্ধে বিধ্বংসী মেজাজে মাঠে নেমে প্রতিপক্ষের সব পরিকল্পনা ভেস্তে দেয় য়ুর্গ্যান ক্লপের দল। ৪৮ ও ৬৯ মিনিটে যথাক্রমে মহম্মদ সালাহ ও হেন্ডারসনের গোলে চ্যাম্পিয়ন্স লিগের বি গ্রুপের ম্যাচ থেকে ঘরের মাঠে মূল্যবান ৩ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে লিভারপুল। ঘরের মাঠ আনফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১৪তম গোলটি পেলেন সালাহ। ছুঁলেন কিংবদন্তি স্টিফেন জেরার্দের রেকর্ড।

ডি গ্রুপে ইন্টার মিলানের বিরুদ্ধে ১-০ গোলের জয় হাসিল করেছে রিয়াল মাদ্রিদ। গোল করেছেন রডরিগো। চ্যাম্পিয়ন্স লিগের বি গ্রুপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ১০ জনের পোর্তোকে কব্জা করতে পারেনি লুইস সুয়ারেজের আতলেতিকো মাদ্রিদ। ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
Friends reunited in the Champions League 😀#UCL pic.twitter.com/iT2XogL32a
— UEFA Champions League (@ChampionsLeague) September 15, 2021
চ্যাম্পিয়ন্স লিগের এ গ্রুপের ম্যাচে প্রথম বার প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে প্রথম থেকে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। নেইমার ও কিলিয়ান এমবাপের হয়ে জুটি বেঁধে ক্লাবে ব্রাগেকে লিও ছারখার করবেন বলে আশা করেছিলেন ফুটবল প্রেমীরা। তবে এদিন তিন তারকাকেই মৃয়মান দেখিয়েছে। একাধিক গোলের সুযোগও তাঁরা নষ্ট করেছেন। ১-১ ফলাফলে ম্যাচ শেষ করতে বাধ্য হয়েছে পিএসজি। ফরাসি ক্লাবের হয়ে গোল করেছেন আন্দের হেরারা।












Click it and Unblock the Notifications