Champions League : মেসির প্রথম গোলে ম্যাঞ্চেস্টার সিটি বধ পিএসজি-র, লিভারপুলের বড় জয়
চ্যাম্পিয়ন্স লিগ : পিএসজি-র হয়ে প্রথমবার গোল করলেন লিওনেল মেসি, হারালেন ম্যাঞ্চেস্টার সিটিকে।
প্যারিস সেইন্ট-জার্মেইন বা পিএসজি-র হয় প্রথমবার গোল করলেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে দিল ফরাসি ক্লাব। টুর্নামেন্টের অন্য ম্যাচে পোর্তোর বিরুদ্ধে বড় জয় পেয়েছে লিভারপুল। হাড্ডাহাড্ডি ম্যাচে মিলানকে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। অন্যদিকে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ মোকাবিলা হেরে গিয়েছে।

মাস দুই আগে প্যারিস সেইন্ট-জার্মেইনে সই করার পর ফরাসি ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতার ইচ্ছাপ্রকাশ করেছিলেন লিওনেল মেসি। সেই লক্ষ্যে এগিয়ে পড়লেন আর্জেন্তাইন তারকা। পিএসজি-র হয়ে প্রথম গোলটি পেয়েই গেলেন মেসি। যা ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ফরাসি ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ে বিশেষ প্রভাব ফেলল। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ এ-র ম্যাচে ব্রিটিশ ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল পিএসজি। ম্যাচের ৮ মিনিটের মাথায় গোল করে ফরাসি ক্লাবকে এগিয়ে দেন ইদ্রিশা গুয়েয়ে। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে প্যারিস সাঁ জাঁ। ম্যাঞ্চেস্টার সিটির ডিফেন্সকে ফালাফালা করতে থাকেন মেসি-নেইমার-এমবাপে। ৭৪ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন লিও। ২-০ গোলে জেতে পিএসজি। ফরাসি দলের হয়ে এই গোলটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে মেসির ১২১তম। টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (১৩৫টি গোল) পরেই তাঁর স্থান।
চ্যাম্পিয়ন্স লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে পোর্তোর বিরুদ্ধে বড় জয় পেল লিভারপুল। গ্রুপ বি-র ম্যাচে খেলতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক রণনীতিতে এগোতে থাকে য়ুর্গ্যান ক্লপের দল। সাদিও মানে, রবের্ত ফিরমিনোদের সুপরিকল্পিত আক্রমণ রুখতে নাজেহাল হয়ে যায় পোর্তোর ডিফেন্স। ম্যাচের ১৮ মিনিটের মাথায় প্রথম গোল পায় লিভারপুল। মহম্মদ সালাহের বুট থেকে আসে সফলতা। ৪৫ মিনিটে সাদিও মানের গোলে আরও এগিয়ে যায় লিভারপুল। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা ব্রিটিশ ক্লাব দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ৬০ মিনিটের মাথায় ফের গোল করেন মহম্মদ সালাহ। ৩ গোলে এগিয়ে যাওয়া লিভারপুলকে ৭৪ মিনিটের মাথায় এক গোল শোধ দেয় পোর্তো। ৭৭ এবং ৮১ মিনিটে দুটি গোল করে ম্যাচে ক্লপের দলের বড় জয় নিশ্চিত করেন রবের্ত ফিরমিনো। ৫-১ গোলে ম্যাচ জেতে লিভারপুল।
All you need to know about top scorers in this competition 👇#UCL
— UEFA Champions League (@ChampionsLeague) September 28, 2021
টুর্নামেন্টের গ্রুপ ডি-তে ঘটেছে অঘটন। শক্তিশালী রিয়াল মাদ্রিদকে ১-২ গোলে হারিয়ে দিয়েছে শেরিফ। প্রথমার্ধেই পিছিয়ে যায় স্প্যানিশ ক্লাব। শেরিফের হয়ে গোল করেন জাসুরবেক। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ দেন কারিম বেঞ্জেমা। ৮৯ মিনিটে শেরিফের হয়ে জয়সূচক গোলটি করেন সেবাস্তিয়ান। টুর্নামেন্টের গ্রুপ বি-তে মিলানকে ১-২ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ।












Click it and Unblock the Notifications