Champions League: রাফিনহার হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার দুরন্ত জয়, বদলায় বিধ্বস্ত বায়ার্ন মিউনিখ
Champions League: চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় বার্সেলোনার। নিজেদের মাঠে বিধ্বস্ত করল বায়ার্ন মিউনিখকে। জয় এলো ৪-১ গোলে। লা লিগায় শনিবার রিয়াল মাদ্রিদ ম্য়াচের আগে যা তাদের স্বস্তিতে রাখল অনেকটাই।
১১ বছরের পরিসংখ্যান ধরলে বায়ার্নের বিরুদ্ধে দ্বৈরথে অনেকটাই পিছিয়ে ছিল বার্সা। যদিও অধিনায়ক রাফিনহার হ্যাটট্রিক এনে দিল কাঙ্ক্ষিত জয়।
এবার চ্যাম্পিয়ন্স লিগে নামার আগে শেষ ৯টি পারস্পরিক দ্বৈরথে বার্সাকে ৮ বার হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন। শেষ ৬টি ম্যাচে হারতে হয়েছিল ৬টিতেই। তার মধ্যে ২০২০ সালে বায়ার্ন ৮-২ গোলে পরাস্ত করেছিল বার্সেলোনাকে। এদিন বদলার ম্যাচে শেষ হাসি হাসল বার্সা।
রাফিনহা হ্যাটট্রিক করলেন। ১ মিনিটে তাঁর গোলে এগিয়ে যায় বার্সা। হ্যারি কেনের গোলে ১৮ মিনিটে সমতা ফেরায় বায়ার্ন। এরপর রবের্ত লেওনডস্কির গোলে বার্সা ফের এগিয়ে যায়। ৪৫ মিনিটে রাফিনহার দ্বিতীয় গোল, বিরতিতে বার্সেলোনা এগিয়ে ছিল ৩-১ গোলে।
৫৬ মিনিটে রাফিনহা হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। ফলে বার্সা এগিয়ে যায় ৪-১ গোলে। আর এই ম্য়াচে কোনও গোল হয়নি। রাফিনহার দ্বিতীয় ও তৃতীয় গোলটি আসে কাউন্টার অ্যাটাক থেকে। ম্যাচের শেষে তিনি বলেন, সমর্থকদের জন্য এটি প্রতিশোধ। আমরা ফুটবলাররা অতীতের দিকে ফোকাস করতে পারি না। শুধু সামনের ম্যাচের দিকে তাকাতে হয়। তবে আগের পরাজয়গুলি ফ্যানেদের মতো আমাকেও পীড়া দিচ্ছিল।
রাফিনহার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন হেড কোচ হ্যান্সি ফ্লিক। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করেছিলেন নেইমার। তারপর রাফিনহাই বার্সার প্রথম ব্রাজিলীয় যিনি এই টুর্নামেন্টে হ্যাটট্রিক করলেন। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকায় বার্সা আছে নয়ে। টানা ২ ম্যাচ হেরে ২৩-এ বায়ার্ন।













Click it and Unblock the Notifications