CFL 2024: রেলকে গোলের মালা, বড় ব্যবধানে জিতে সুপার সিক্সের আশা বজায় রাখল মোহনবাগান এসজি
কলকাতা লিগে সুপার সিক্সের আশা টিকিয়ে রাখল মোহনবাগান এসজি। রবিবার মোহনবাগান ৮-১ গোলে রেলওয়েজকে হারিয়ে দিল।লিগে টিকে থাকার জন্য় এই ম্যাচ মোহনবাগান এসজির কাছে ছিল একেবারে ডু-অর-ডাই। হেরে গেলে শেষ হয়ে যেত সুপার সিক্সের স্বপ্ন। কিন্তু রেলকে বড় ব্যবধানে হারিয়ে মান রাখলেন বাগানের তরুণ তুর্কিরা। শুধু জিতলই না মোহনবাগান, রেল একেবারেই বেলাইন হয়ে গেল ব্যারাকপুরের স্টেডিয়ামে।
রেলওয়েকে কার্যত নাস্তানাবুদ করল মোহনবাগান এসজি। যদিও ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে শুরুতেই পিছিয়ে পড়ে বাগান শিবির।ম্যাচের শুরুটা হয়েছিল একরাশ আশঙ্কা নিয়ে। রেলওয়েকে এগিয়ে দেন রাহুল হালদার।এক্ষেত্রে সুমিত রাঠিরও কিছু দোষ ছিল। তবে এরপরই খেলা ধরে নেয় বাগান, আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁদের। ম্যাচের ৬ মিনিটে এই ধাক্কা সামলেও দুরন্ত কামব্যাক করে সবুজ-মেরুন শিবির।

৩১ মিনিটে গোল করনে রবি রানা। ৩৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সেরটো। এরপর ৩৮ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন সাহাল। ৪৫ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের ছয় নম্বর গোলটি করেন সালাহ। ৬-১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে সবুজ মেরুন ব্রিগেড।
দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করলেন মোহনবাগান ফুটবলাররা। ৭৪ মিনিটে উত্তম হাঁসদা গোল করেন। রেলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন তপন হালদার। শেষ গোলটিও হল চমৎকার ছন্দবদ্ধ আক্রমণ থেকে। এই ম্যাচে সবুজ মেরুন শুধু জিতলই না একইসঙ্গে গোলের ব্যবধানও বাড়িয়ে রাখল।
লিগ টেবিলের ১০ নম্বরে থাকা রেলওয়ের বিরুদ্ধে রবিবার জিততে না পারলে অঙ্কের বিচারে, ঘরোয়া লিগের সুপার সিক্সে ওঠার রাস্তা একেবারেই বন্ধ হয়ে যেত সবুজ-মেরুনের। কিন্তু বড় ব্যবধানে জিতে সুপার সিক্সের আশা বজায় থাকল গঙ্গাপারের ক্লাবের।
এই জয়ের ফলে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট সবুজ মেরুনের। তিন নম্বরে থাকা ক্যালকাটা কাস্টমসের পয়েন্ট ১১ ম্যাচে ২১। নিজেদের শেষ ম্যাচে কাস্টমস পয়েন্ট নষ্ট করলে তিন নম্বরে শেষ করে সুপার সিক্সে ওঠার সুযোগ থাকবে মোহনবাগান এসজির। তবে বাগানের অঙ্ক বেশ কঠিন।












Click it and Unblock the Notifications