CFL 2024: লিগের ম্যাচে জর্জের কাছে এগিয়ে থেকেও হার, অঙ্ক কঠিন হচ্ছে মোহনবাগান এসজির
শেষ দুই ম্যাচ বড় ব্যবধানে জিতলেও, কলকাতা লিগে ফের হারের মুখ দেখেত হল মোহনবাগান এসজিকে। রবিবার কল্যাণীতে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে এগিয়ে থেকেও হারতে হল সবুজ মেরুনকে। এই ম্যাচে ২-১ গোলে হারল সবুজ-মেরুন শিবির। ম্যাচের শুরুর পর থেকেই তুল্যমূল্য লড়াই দিচ্ছিল জর্জ।
যদিও ম্যাচে গোলের খাতা খোলে মোহনবাগান এসজিই। ৩০ মিনিটে বক্সের মধ্যে জুয়েল আহমেদ বলে হাত লাগিয়ে ফেলায় পেনাল্টি পেয়ে যায় মোহনাবাগান এসজি । পেনাল্টিতে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন সেরটো ওরনেইলেন। এরপর গোলের সংখ্যা বৃদ্ধি করার সুযোগ আসে সবুজ মেরুন জার্সিধারীদের কাছে। কিন্তু বিরতির আগে মোহনবাগান এসজি দুটি গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে থাকে জর্জ। ৫৩ মিনিটে রাজেনের আক্রমণ থেকে গোলশোধ করে জর্জ। জর্জের সমরেশের হেড বারে লেগে চলে আসে অমিত এক্কার পায়ে। সেখান থেকে সহজেই গোল করেন অমিত।
৫৭ মিনিটে জর্জ টেলিগ্রাফের হয়ে দ্বিতীয় গোল করেন অমিত নিজেই। মোহনবাগানের বিরুদ্ধে জর্জ টেলিগ্রাফের এই জয়ের নায়ক অমিত এক্কা।
লিগ টেবিলের এই মুহূর্তে যা অবস্থা তাতে প্রথম তিনে থাকা কঠিন হয়ে পড়েছে মোহনবাগানের পক্ষে। এই গ্রুপে ইস্টবেঙ্গল, ভবানীপুর, কাস্টমসের মতো অনেকটাই এগিয়ে সেখানে। অঙ্ক অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে সবুজ মেরুনের কাছে।
মোহনবাগান এসজি, শেষ দুটি ম্যাচে ১১টি গোল করেছিল, তাই রবিবার ম্যাচে হারটা একেবারেই অপ্রত্যাশিত। এই ম্যাচের পরে গ্রুপ বি-তে সপ্তম স্থানে সবুজ মেরুন ব্রিগেড।। ৮ ম্যাচে বাগানের পয়েন্ট ১২। তিন নম্বরে থাকা কাস্টমসের পয়েন্ট ৮ ম্যাচে ১৯। মোহনবাগান এসজির বাকি আর চারটি ম্যাচ। সুপার সিক্সে উঠতে গেলে প্রতিটি ম্যাচই জিততে হবে তাদের।












Click it and Unblock the Notifications