CFL 2024: মহমেডান স্পোর্টিং হার বাঁচাল সুরুচি সংঘের বিরুদ্ধে, সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা কতটা?
CFL 2024: কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করল মহমেডান স্পোর্টিং ক্লাব। নৈহাটি স্টেডিয়ামে খেলাটি শেষ হলো ২-২ গোলে।
বিরতিতে সুরুচি সংঘই এগিয়ে ছিল ২-১ গোলে। দ্বিতীয়ার্ধে সমতা ফেরালেও তিন পয়েন্ট আদায় সম্ভব হয়নি সাদা কালো ব্রিগেডের পক্ষে।

পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোলেই মহমেডান শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল সুরুচি সংঘ। ১৯ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন মিডফিল্ডার আবুসুফিয়ান শেখ। এই গোলের ধাক্কা হজম করার আগেই মহমেডান আরও পিছিয়ে পড়ে। ২৪ মিনিটে গোল করেন সুরুচির স্ট্রাইকার জয়দীপ সিং।
৩২ মিনিটে মহমেডানের প্রথম গোলটি করেন ফরওয়ার্ড ইসরাফিল দেওয়ান। তাতেও হাফ টাইমে স্বস্তিতে ছিল না সাদা কালো শিবির। ৬৮ মিনিটে লালথানকিমার গোলে সমতা ফেরাতে সক্ষম হয় মহমেডান। এরপর অবশ্য আর কোনও দলই গোল করতে পারেনি।
আজকের ম্যাচটি হওয়ার কথা ছিল ২২ অগাস্ট। এদিনের ড্রয়ের সৌজন্যে মহমেডানের পয়েন্ট হলো ১১ ম্যাচে ১৯। তারা চলে এলো পয়েন্ট তালিকার তিনে। খিদিরপুরের পয়েন্ট ১২ ম্যাচে ১৯। সুরুচি সংঘ এ গ্রুপের দ্বিতীয় স্থানে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২১।
শীর্ষে থাকা ডায়মন্ড হারবার এফসির হলো ১২ ম্য়াচে ৩২ পয়েন্ট। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ২-১ গোলে হারাল পাঠচক্রকে। নরহরি শ্রেষ্ঠা ও গিরিক মহেশ খোসলা ডায়মন্ড হারবার এফসির গোলগুলি করেন।












Click it and Unblock the Notifications