CFL 2024: মশালের দাপটে বেলাইন রেল! জয়ের ধারা বজায় রেখে লিগশীর্ষে ইমামি ইস্টবেঙ্গল
CFL 2024: কলকাতা লিগ খেতাব জয়ের আশা ক্রমেই উজ্জ্বল করছে ইমামি ইস্টবেঙ্গল। আজ নিজেদের মাঠে ২-০ গোলে বিনো জর্জের প্রশিক্ষণাধীন দল হারাল রেলওয়ে এফসিকে।
জেসিন টিকে আজ গোল পাননি। ছিলেন না সায়ন বন্দ্যোপাধ্যায়, পিভি বিষ্ণুও। তারপরও লাল হলুদের জয়ের ব্যবধান আরও পারতো, যদি না দুরন্ত কিছু সেভ করতেন রেল গোলকিপার শুভঙ্কর দত্ত।

এদিন আগাগোড়া আধিপত্য বজায় রেখেই খেলল ইমামি ইস্টবেঙ্গল। রেলওয়ে এফসি ছিল রক্ষণাত্মক মেজাজে। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের লাল হলুদের আক্রমণের ঝাঁঝ ছিল বেশি। বল মাটিতে রেখে বহু পাস খেলে প্রতিপক্ষকে চেপে ধরার রণকৌশল নিয়েছিল জর্জের দল।
খেলা দেখতে হাজির ছিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর নজর কাড়ার জন্য লাল হলুদের ফুটবলারদের মধ্যে ভালো তাগিদ লক্ষ্য করা গেল। দীর্ঘদিন দল একভাবে ধরে রাখার সুফলও চোখে পড়ল টিমগেমের নিরিখে।
প্রথমার্ধেও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল লাল হলুদ। কিন্তু গোলটি আসছিল না। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করেন মুশারফ। এ ক্ষেত্রে রেল গোলকিপারের কিছুটা দোষ ছিল। যদিও এই একটি ক্ষেত্র বাদে গোটা ম্যাচে তিনিই দারুণভাবে তিন-চারটি দারুণ সেভের মাধ্যমে রেলের বড় লজ্জা বাঁচালেন।
বিশেষ করে তন্ময় দাসের একটি গোলমুখী শট তিনি শরীর ছুড়ে বাঁচান। জেসিন টিকে, আমন সিকে-রা ভালো কয়েকটি আক্রমণ তুলে আনেন। তবে রেল অধিনায়ক মণীশ মজুমদার-সহ রেলের রক্ষণভাগের ফুটবলাররা তৎপর ছিলেন।
রেলওয়ে এফসি অবশ্য এদিনের ম্যাচে লাল হলুদের গোলকিপার আদিত্য পাত্রকে তেমন পরীক্ষার মুখে ফেলতে পারেননি। ইমামি ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলটির ক্ষেত্রেও অবদান রয়েছে মুশারফের। তাঁর উঁচু শটে মাথা ছোঁয়ান বিজয় মুর্মু।
ম্যাচের ৬৯ মিনিটের মাথায় মুর্মুর হেড থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে জড়াতে কোনও ভুল করেননি ইমামি ইস্টবেঙ্গলের সেন্ট্রাল ডিফেন্ডার আদিল আমাল। ৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে ইমামি ইস্টবেঙ্গল। ভবানীপুরেরও ৬ ম্যাচে ১৬ পয়েন্ট। তবে গোলপার্থক্যে এগিয়ে লাল হলুদ।












Click it and Unblock the Notifications