CFL 2024: সুপার সিক্সে মিনি ডার্বি, মহমেডানকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য লাল হলুদের
শুক্রবার কলকাতা লিগে মিনি ডার্বি। নৈহাটি স্টেডিয়ামে সুপার সিক্সের শীর্ষে থাকা ইমামি ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে মহমেডান স্পোর্টিং ক্লাবের। লিগের জৌলূস আগের মতো নেই। কিন্তু ডার্বি মানেই আলাদা আবেগ। সেটা মিনি হোক বা বিগ। তার উপর বুধবার ভবানীপুর এবং ডায়মন্ড হারবার ম্যাচ ড্র হওয়ায় অনেকটাই সুবিধাজনক জায়গায় আছে ইমামি ইস্টবেঙ্গল।
আপাতত লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচে তাঁদের সংগ্রহ ৪০ পয়েন্ট। বিনো জর্জের দল ১৩ ম্যাচ জিতেছে একটি ম্যাচ ড্র করেছে।মহমেডান ২২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে। ফলে খাতায় কলমে এগিয়ে থেকেই শুরু করবে বিনো জর্জের দল। এই ম্যাচ জিতলেই লিগ খেতাব জয়ের দিকে আরও এক কদম এগিয়ে যাবে লাল হলুদ ব্রিগেড।

ডার্বি প্রসঙ্গে বিনো জর্জ বলেন, 'অবশ্যই এটা আর পাঁচটা ম্যাচের থেকে আলাদা। এই ম্যাচের জন্য পরিকল্পনা ভিন্ন রয়েছে। ছেলেদের মাথায় থাকবে যে তারা ডার্বি ম্যাচ খেলতে নামছে। আমরা পয়েন্ট টেবল নিয়ে ভাবছি না, আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ জেতা এবং চ্যাম্পিয়ন হওয়া।'
সমর্থকদের উদ্দেশ্যে বিনো জর্জ বলেন, 'আমরা এর আগে শেষ ম্যাচগুলো ঘরের মাঠে খেলেছি, ফলে দর্শকদের সমর্থন পেয়েছি। আশা করছি আগামীকালও দর্শকরা তাদের প্রিয় দলকে মাঠে এসে সমর্থন জানাবেন।'
এই ম্যাচের পর আগামী দুই ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হতে চলেছে ভবানীপুর ও ডায়মন্ড হারবার। দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ড হারবার ক্লাবের ১৪ ম্যাচে সংগ্রহ ৩৬। ভবানীপুর ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে থাকছে তৃতীয় স্থানে।












Click it and Unblock the Notifications