CFL 2024: কলকাতা প্রিমিয়ার লিগে একই গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান SG, মহমেডান নামছে উদ্বোধনী ম্যাচেই
CFL 2024: কলকাতা প্রিমিয়ার লিগের কাউন্টডাউন শুরু হয়ে গেল। গত বছর নানা জটিলতায় কলকাতা ডার্বি হয়নি। লিগের চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে যাওয়ার পর ডার্বি ছিল।
যদিও মোহনবাগান সুপার জায়ান্ট ওয়াকওভার দেয় ইমামি ইস্টবেঙ্গলকে। এবার অবশ্য একই গ্রুপে পড়ল দুই দল। ফলে গ্রুপ পর্বেই হবে কলকাতা ডার্বি।

লাল হলুদ ও সবুজ মেরুন একই গ্রুপে থাকলেও গতবারের চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং কিন্তু রয়েছে অন্য গ্রুপে। প্রিমিয়ার ডিভিশনের ২৬টি দলকে লটারির মাধ্যমে ২টি গ্রুপে রাখা হয়েছে। গ্রুপবিন্যাস সংক্রান্ত বৈঠকে ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত।
আজ আইএফএ অফিসে অংশগ্রহণকারী ক্লাবগুলির প্রতিনিধিদের উপস্থিতিতেই হয় গ্রুপবিন্যাসের লটারি। ঠিক হয়েছে, ২৫ জুন কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের উদ্বোধনের দিনেই নামবে মহমেডান স্পোর্টিং। তারা এবার নামছে খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়েই।
গ্রুপ বি-তে ইস্টবেঙ্গল এফসি, মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ভবানীপুর এফসি, পিয়ারলেস এসসি, ক্যালকাটা কাস্টমস ক্লাব, পুলিশ এসি, রেনবো এসি, কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন, রেলওয়ে এফসি, জর্জ টেলিগ্রাফ এসসি, ক্যালকাটা পুলিশ ক্লাব, ইস্টার্ন রেলওয়ে এসসি ও টালিগঞ্জ অগ্রগামী।
গ্রুপ এ-তে রয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব, ডায়মন্ড হারবার এফসি, খিদিরপুর এসসি, বিএসএস স্পোর্টিং ক্লাব, কালীঘাট মিলন সংঘ, এরিয়ান ক্লাব, আর্মি রেড, নিউ আলিপুর সুরুচি সংঘ, সাদার্ন সমিতি, মেসারার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, উয়াড়ি এসি ও পাঠচক্র।
উদ্বোধনী ম্যাচে মহমেডানের প্রতিপক্ষ কারা, কোন মাঠে সেই খেলাটি হবে তা এখনও জানায়নি আইএফএ। সূত্রের খবর, মহমেডান স্পোর্টিং মাঠ কিংবা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচটি হতে পারে। গ্রুপ পর্বে কোন রাউন্ডে কলকাতা ডার্বি হবে সেই দিনক্ষণও জানাতে পারেনি আইএফএ।












Click it and Unblock the Notifications