CFL 2024: সুপার সিক্সে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, পিছিয়ে পড়েও হারাল ক্যালকাটা কাস্টমসকে, ভবানীপুর-বধ মহমেডানের
CFL 2024: কলকাতা ফুটবল লিগে অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল। আজ নিজেদের মাঠে সুপার সিক্স অভিযান বিনো জর্জের প্রশিক্ষণাধীন লাল হলুদ শুরু করল দারুণ জয় দিয়ে।
পিছিয়ে পড়ার পরও চার গোল প্রতিপক্ষের জালে জড়িয়ে চলতি লিগে দ্বাদশ জয়টি ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। এবারের লিগে এখনও অবধি ১৩টি ম্যাচ খেলে ইস্টবেঙ্গল জিতেছে ১২টিতে।

ক্যালকাটা কাস্টমসকেই একমাত্র প্রাথমিক পর্বে হারাতে পারেনি এবারের লিগে অপরাজেয় লাল হলুদ। তাদের বিরুদ্ধে জয় এলো সুপার সিক্সে। ম্যাচের ২৫ মিনিটে রবি হাঁসদার গোলে এগিয়ে গিয়েছিল ক্যালকাটা কাস্টমস। ৪৫ মিনিটে হীরা মণ্ডলের ভাসানো বলে মাথা ছুঁইয়ে সমতা ফেরান শ্যামস বেসরা।
৩১ মিমিটে নসিব রহমানের পরিবর্ত হিসেবে নেমেছিলেন মিডফিল্ডার শ্যামল। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে পিভি বিষ্ণু গোল করায় বিরতিতে লাল হলুদ এগিয়ে ছিল ২-১ গোলে। ৫১ মিনিটে বিষ্ণুই এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। ম্যাচের মেজাজও ছিল এদিন ছিল বেশ চড়া।
৭৩ মিনিটে আরেক পরিবর্ত ফুটবলার আদিল অমল ইস্টবেঙ্গলের চতুর্থ গোলটি করেন। ইস্টবেঙ্গল যেভাবে শেষ অবধি গোলের জন্য মরিয়া ছিল তাতে জয়ের ব্যবধান বাড়তেও পারতো। ক্যালকাটা কাস্টমসের রক্ষণভাগে ইস্টবেঙ্গলের বেশ কয়েকটি প্রয়াস প্রতিহত হয়। তবে জেসিন টিকে আজকের ম্যাচেও গোল পেলেন না।
নৈহাটি স্টেডিয়ামে আজ লিগের অপর ম্যাচে ভবানীপুর ক্লাবকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লালনগায়িসাকা। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে লাল কার্ড দেখেন ভবানীপুরের গোলকিপার শঙ্কর রায়। এরপর পেনাল্টি থেকে মহমেডানের দ্বিতীয় গোলটি করেন ইসরাফিল দেওয়ান।












Click it and Unblock the Notifications