CFL 2024: ইস্টবেঙ্গল হারাল ভবানীপুরকে, লাল হলুদের সপ্তম জয়ে চাপ বাড়ল মোহনবাগান সুপার জায়ান্টের
CFL 2024: কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে ইস্টবেঙ্গল অপরাজেয় তকমা ধরে রাখল। নিজেদের মাঠে এদিন গুরুত্বপূর্ণ ম্যাচে ভবানীপুর ক্লাবকে হারাল বিনো জর্জের প্রশিক্ষণাধীন দল।
বি গ্রুপের ২ নম্বর দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে শীর্ষস্থানও ধরে রাখল ইস্টবেঙ্গল। ম্যাচের একমাত্র গোলটি করেন জেসিন টিকে।

শুরু থেকেই দারুণ ফুটবল খেলতে থাকে লাল হলুদ। ম্যাচের ৫ মিনিটের মাথায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। মহম্মদ রোশলের গতির সঙ্গে টেক্কা দিতে না পেরে বক্সের মধ্যে ট্রিপ করেন ভবানীপুরের ডিফেন্ডার মদন মাণ্ডি। ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল জেসিন টিকে-র।
চলতি লিগে জেসিনের গোলের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। ১৮ মিনিটে ভবানীপুরের গোলকিপার প্রিয়ন্ত কুমার সিংকে কাটিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়লেও, শট নিতে দেরি করেন জেসিন। তাঁর বাঁ পায়ের শট গোললাইন সেভ হয়ে যায়। এরপর লড়াই দিতে থাকে ভবানীপুরও, তবে গোলমুখ খুলতে পারেননি।
ম্যাচের ৪৪ মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায়ের জোড়ালো শট রুখে দেন ভবানীপুরের গোলরক্ষক। বিরতিতে লাল হলুদ এগিয়ে ছিল ১-০ গোলেই। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ইস্টবেঙ্গল কয়েকটি সুযোগ তৈরি করে।
অন্তত দুটি ক্ষেত্রে লাল হলুদের পতন রোধ করেন অধিনায়ক তথা গোলকিপার আদিত্য পাত্র। যার মধ্যে অন্যতম ৫৩ মিনিটে দীপ সাহার দূরপাল্লার শট সেভ করা। এরপর কর্নার থেকে ভবানীপুর গোল করার পরিস্থিতি তৈরি করলেও সজাগ ছিলেন আদিত্য, সমতা ফেরাতে পারেনি ভবানীপুর।
এই ম্যাচ জেতার ফলে ৮টির মধ্যে সাতটি জয় ও একটি ড্রয়ের সৌজন্যে ইস্টবেঙ্গল ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ভবানীপুর। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়েই গোলপার্থক্যে সামান্য পিছিয়ে তিনে ক্যালকাটা কাস্টমস। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ মেরুনের সুপার সিক্সে যাওয়ার আশা ক্রমেই কমছে।












Click it and Unblock the Notifications