CFL 2023: ইমামি ইস্টবেঙ্গল ১০-১ গোলে চূর্ণ করল খিদিরপুরকে, সবচেয়ে বড় জয়ের নিরিখে এটি কত নম্বরে?
CFL 2023: কলকাতা প্রিমিয়ার লিগের খেলায় আজ মশালের তেজে ছারখার খিদিরপুর। ইমামি ইস্টবেঙ্গল জয়লাভ করল ১০-১ গোলে। স্বাভাবিকভাবেই এত বড় ব্যবধানে জয়ে বেশ কয়েকটি নজিরও তৈরি হলো।
আজকের ম্যাচে পিভি বিষ্ণু চারটি, মহীতোষ রায় তিনটি, ভি সুহের ২টি এবং জেসিন টিকে একটি গোল করেছেন। খিদিরপুরের একমাত্র গোলটি প্রদীপ পালের।

পরিসংখ্যান বলছে, সর্বাধিক ব্যবধানে জয়ের নিরিখে লাল হলুদ ব্রিগেডের এদিনের কীর্তিটি রইল পঞ্চম স্থানে। ১৯৪৫ সালের সেপ্টেম্বরে রোভার্স কাপের ম্যাচে ইস্টবেঙ্গল ১১-০ ব্যবধানে হারিয়েছিল বিবি অ্যান্ড সিআই রেলকে। এ ছাড়া ইস্টবেঙ্গল তিনবার ১০-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। যার দুটি কলকাতা ফুটবল লিগে। একটি ডুরান্ড কাপে।
১৯৪৩ সালের ১০ জুন কলকাতা লিগে ইস্টবেঙ্গল ১০-০ ব্যবধানে হারায় ডালহৌসিকে। ১৯৪৯ সালের ২৮ জুন একই ব্যবধানে লাল হলুদ জয় ছিনিয়ে নেয় কলকাতা লিগের ম্যাচেই, ক্যালকাটা গ্যারিসনের বিরুদ্ধে। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর ডুরান্ড কাপে বিবি স্টারের বিরুদ্ধে ১০-০ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। ফলে ১৯৭২ সালের পর এই প্রথম কোনও ম্যাচে ১০ গোল ইস্টবেঙ্গলের।

এদিনের জয়টি (ইস্টবেঙ্গলের পুরুষ দলের) কলকাতা লিগে সর্বাধিক ব্যবধানে জয়ের নিরিখে রইল তৃতীয় স্থানে। ১৯৮৯ সালের পর এই প্রথম কোনও ম্যাচে লাল হলুদের দুই ফুটবলার হ্যাটট্রিক করলেন। এর আগে এই নজির ছিল চিমা ওকোরি ও কুলজিৎ সিংয়ের। আদ বিষ্ণু ও মহীতোষ সেই নজির স্পর্শ করলেন।
২০১৫ সালের পর এদিনই প্রথম লাল হলুদের পুরুষ দলের কোনও ফুটবলার কোনও ম্যাচে চারবার প্রতিপক্ষের জালে বল জড়ালেন। এর আগে, আই লিগের ম্যাচে ডেম্পোকে ৫-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। পাঁচটি গোলই করেছিলেন র্যান্টি মার্টিন্স।
(ছবি- আইএফএ ও ইস্টবেঙ্গল)












Click it and Unblock the Notifications