CFL 2023: মিনি ডার্বিতে জয় পেল মহমেডান, লিগের শীর্ষে সাদা কালো ব্রিগেড
কলকাতা লিগের মিনি ডার্বিতে দাপটের সঙ্গেই মহমেডান স্পোর্টিং হারিয়ে দিল ইমামি ইস্টবেঙ্গলকে। কিশোরভারতী স্টেডিয়ামে ২-১ গোলে জয় পেল সাদা কালো ব্রিগেড। ডেভিডের জোড়া গোলে জয় ছিনিয়ে নিল মহমেডান। প্রথমার্ধে জোড়া গোল করেন ডেভিড লাললানসাঙ্গা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান নন্দকুমার।
সুপার সিক্সে ২ ম্যাচ খেলে মহামেডান স্পোর্টিংয়ের পয়েন্ট ৬। সাদা-কালো ব্রিগেডই এখন শীর্ষে। গ্রুপ পর্ব ও সুরার সিক্স মিলিয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্টে পৌঁছে গেল তারা। সেখানে ইস্টবেঙ্গল ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চাপেই থাকল। কারণ এক ম্যাচ কম খেললেও, সাদা-কালোর সঙ্গে তাদের কিন্তু পাঁচ পয়েন্টের পার্থক্য এখন।

কলকাতা লিগে মূলত জুনিয়র ফুটবলারদেরই খেলায় ইমামি ইস্টবেঙ্গল। কিন্তু বুধবারের মিনি ডার্বির টিম লিস্টে দেখা গেল সিনিয়র দলের বেশ কয়েকজন ফুটবলারের নাম। প্রথম একাদশে ছিলেন সুহের এবং নন্দকুমার। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল আন্দ্রের দল।
৫ মিনিটের মধ্যেই এগিয়ে যায় সাদা কালো জার্সিধারীরা। মহমেডান সুযোগ খুঁজছিলই। আর সেই সুযোগটাই পেয়ে গেলেন ডেভিড।লালরেমসাঙ্গার বাড়ানো বল ধরে আলতো টোকায় গোল করে ফেললেন ডেভিড। সাদা কালোর এই পাহাড়ী স্ট্রাইকার লিগের শুরু থেকেই উজ্জ্বল, ব্যতিক্রম হল না ইমামি ইস্টবেঙ্গল ম্যাচেও। ৩৯ মিনিটে লাল হলুদ রক্ষণকে বোকা বানিয়ে গোল করলেন ডেভিডই।
প্রথমার্ধে কমলজিত বেশ কয়েকটি ভালো সেভ না করলে গোলের সংখ্যা আরও বাড়য়ে নিতে পারত মহমেডান। শেষ পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেলে মহমেডান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জেসন এবং বিষ্ণু এলেন মোহিতোষ এবং অভিষেক কুঞ্জমের জায়গায়। তার ফলও পেলেন কোচ বিনো জর্জ।৫৮ মিনিটে পেনাল্টি বক্সের ভিতর শৌভিকের শট ইরশাদের হাতে লাগে। পেনাল্টি পায় ইমামি ইস্টবেঙ্গল। ৬০ মিনিটে এই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি নন্দকুমার। ডুরান্ডে মোহনবাগান এসজির পর মহমেডানের বিরুদ্ধে ডার্বিতেও গোল করলেন নন্দকুমার।
৩০ মিনিটের বেশি ১০ জনে খেলে মহমেডান। ফলে গোল করার অনেক সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি তারা। গোল করার লোকের অভাব টের পেল লাল-হলুদ। যদিও এরপর গোলের একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি দুই দল। ৭ মিনিট অতিরিক্ত সময় পেলেও তা কাজে লাগাতে পারেননি লাল হলুদ ফুটবলাররা। ম্যাচ শেষে পরিস্থিতি উত্তপ্ত হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা।












Click it and Unblock the Notifications