CFL 2023: মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে কলকাতা লিগ জিতল মহমেডান, কত বছর পর খেতাবের হ্যাটট্রিক?
CFL 2023: কলকাতা প্রিমিয়ার লিগ খেতাব ঝুলিতে পুরে নিল মহমেডান স্পোর্টিং ক্লাব। আন্দ্রে চের্নিশভের প্রশিক্ষণাধীন সাদা-কালো ব্রিগেড দুরন্ত ফর্ম অব্যাহত রেখে আজ নিজেদের শেষ ম্যাচেও জয় ছিনিয়ে নিল।
সুপার সিক্সের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্টকে ২-০ গোলে হারিয়েছে মহমেডান। যার ফলে খেতাব অধরাই থেকে গেল ইমামি ইস্টবেঙ্গল, ডায়মন্ড হারবার এফসির।

১৯৩৪ থেকে ১৯৩৮, টানা পাঁচ বছর কলকাতা লিগ জিতেছিল মহমেডান। প্রথম ভারতীয় দল হিসেবে তারা কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৩৪। এবার নিয়ে ১৪ বার লিগ খেতাব জিতল সাদা-কালো। ২০২১ ও ২০২২ সালের পর এবার চ্যাম্পিয়ন হওয়ায় লিগ জয়ের হ্যাটট্রিকও হলো। যে কীর্তি আগে একবারই গড়েছে মহমেডান। ১৯৩৬ সালে তাদের লিগ খেতাব জয়ের হ্যাটট্রিক হয়েছিল।
আজকের ম্যাচে মহমেডান যদি হারতো বা ড্র করতো, তাহলে নিজেদের বাকি ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল ইমামি ইস্টবেঙ্গলের। কিন্তু অন্য কারও দিকে না তাকিয়ে আজই খেতাব জিততে মরিয়া ভাব শুরু থেকেই লক্ষ্য করা যাচ্ছিল মহমেডানের খেলায়। মোহনবাগান সুপার জায়ান্ট ছিল নিষ্প্রভ। ম্যাচ ২-০ ব্যবধানে জিতলেও মহমেডানের জয়ের ব্যবধান আরও বাড়তে পারতো।

ম্যাচের ৪ মিনিটের মাথায় পেনাল্টির আবেদন জানিয়েও রেফারির তরফে সাড়া পায়নি মহমেডান। ১২ মিনিটে ডেভিডের শট গোললাইন সেভ হয়। যদিও এর ১ মিনিট পরেই আঙ্গুসানার কর্নারে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন রেমসাঙ্গা। কিছুক্ষণ পর বিকাশের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ম্যাচের ৩৭ মিনিটে নিজের ২১তম গোলটি পেয়ে যান ডেভিড।
দ্বিতীয়ার্ধে দুই দলই কয়েকটি সুযোগ পেয়েছিল। তবে বেশি সুযোগ এসেছিল সাদা-কালো ব্রিগেডের কাছেই। কিন্তু কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট হলো মহমেডানের। সুপার সিক্সের পয়েন্ট তালিকায় তারা চলে গেল ধরাছোঁয়ার বাইরে। ম্যাচ শেষ হতেই মহমেডান কর্তা ও সমর্থকরা উৎসবের আনন্দে মেতে ওঠেন।
ট্রেভর জেমস মরগ্যানের পর দ্বিতীয় বিদেশি হেড কোচ হিসেবে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিকের সাক্ষী থাকলেন চেরনিসভ। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এক বিবৃতি মারফত বলেন, এই সাফল্যের জন্য মহমেডান স্পোর্টিংয়ের সমস্ত খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের জানাই অভিনন্দন।
অরূপের কথায়, তিনবারই মহমেডানের কোচ হিসেবে ছিলেন আন্দ্রে চেরনিসভ। রাশিয়ান কোচকেও কুর্নিশ আমার। এই তিন বছর দলের ম্যানেজার পদে ছিলেন দীপেন্দু বিশ্বাস এবং খেলোয়াড় হিসেবে ছিলেন শেখ ফৈয়াজ। তাঁদের প্রতিও রইল শুভেচ্ছা। সামনে আই লিগ। আশা করব মহমেডান স্পোর্টিং সেখানেও এই ধারাবাহিকতা বজায় রাখবে।
রাজ্যের ক্রীড়ামন্ত্রী বিশেষ অভিনন্দন জানান সর্বোচ্চ গোলদাতা ডেভিডকে। তিনি লিখেছেন, এই জয়ের জন্য বিশেষভাবে অভিনন্দন জানাব দলের অন্যতম সেরা ফুটবলার ডেভিডকে। কলকাতা লিগে ২১ গোল করে সবার মন জয় করে নিয়েছেন ডেভিড। আমার হার্দিক অভিনন্দন। ওঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।












Click it and Unblock the Notifications