CFL 2023: শেষ লগ্নে ভাঙল পুলিশের ব্যারিকেড, লিগে কষ্টার্জিত জয় ইমামি ইস্টবেঙ্গলের
সাড়ে চার বছর পর ডার্বি জয়ের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে কলকাতা লিগের ম্যাচে জয়ের ধারা বজায় রাখল ইস্টবেঙ্গল। বড় ম্যাচে জয় এনে দিয়েছিলেন সিনিয়ররা, গড়ের মাঠে লিগের ম্যাচে জয় যাত্রা অব্যাহত রাখলেন লাল হলুদের যুব ফুটবলাররা।
কলকাতা প্রিমিয়র লিগ সোমবার পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে ২-১ হারিয়ে গ্রুপ 'বি'-র শীর্ষে চলে গেল ইস্টবেঙ্গল । ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগের লড়াইয়ে এক নম্বরে বিনো জর্জের শিষ্যরা। তবে এদিন ইস্টবেঙ্গলের জয় ছিল কষ্টার্জিত। পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়াল একঝাঁক তরুণ লাল-হলুদ ফুটবলার।

সোমবার ১৫ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন অভিষেক কুঞ্জম। পাস বাড়ান জেসিন টিকে। একটা দারুণ পাস পেয়ে গোল করতে কোনও ভুল করেননি অভিষেক। গোলকিপারের বাঁ-দিক থেকে বলটা জালে জড়িয়ে দেন। ৪৭ মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল ডিফেন্সকে বোকা বানিয়ে জগমীত সিংহ গোল শোধ করে দেন।
ম্যাচের ৮৬ মিনিটে বক্সের বাঁ দিকে ফ্রিকিক পেয়েছিল ইস্টবেঙ্গল। যদিও তা কাজে লাগানো যায়নি। একটা সময় গ্যালারিতে বাড়ছিল উৎকণ্ঠা, মনে হতে শুরু করেছিল ঘরের মাঠে ২ পয়েন্ট হাতছাড়া হবে লাল হলুদের।কিন্তু আবার জ্বলে উঠল মশাল।

৮৮ মিনিটেই অনবদ্য গোল বিষ্ণুর। প্রতিপক্ষ বক্সে বল নিয়ে ঢোকেন সঞ্জীব ঘোষ। ডিফেন্সের ভিড়ে সঞ্জীবের বাড়ানো বল। বল রিসিভ করেই বিষ্ণুর টার্ন। সেখান থেকে গোল করতে ভুল করেনি লাল হলুদের যুব ফুটবলার। দ্বিতীয় স্থানে আছে ভবানীপুর। এক ম্যাচ কম খেলে তাদের পয়েন্ট ২০।
শনিবার ডুরান্ড ডার্বিতে মোহন বাগানকে হারিয়েছে ইস্ট বেঙ্গল। ফলে, এই মুহূর্তে ফুরফুরে মেজাজে রয়েছেন সমর্থকরা। দীর্ঘ সাড়ে চার বছর পর বাগানকে হারাতে পেরেছে ইস্ট বেঙ্গল। এবার লিগের ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল লাল হলুদ।












Click it and Unblock the Notifications