CFL 2023: বুধবার মিনি ডার্বি, কোথায়-কখন পাবেন ম্যাচের টিকিট? জেনে নিন সুপার সিক্সের নিয়মাবলী
কলকাতা লিগে সুপার সিক্সে এবার মিনি ডার্বির উত্তাপ। গত সপ্তাহেই লিগ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহমেডান স্পোর্টিং। বুধবার সুপার সিক্সের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে ইমামি ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপ পর্বের প্রথম ম্যাচেই সাদা কালো ব্রিগেডের বিরুদ্ধে খেলতে নামছে লাল হলুদ।
কলকাতা লিগের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে শীর্ষে থেকেই সুপার সিক্স অভিযান শুরু করতে চলেছে বিনো জর্জের ছেলেরা। বুধবার যদিও বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে লাল-হলুদকে। সুপার সিক্সের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। গ্রুপ পর্বে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে বিরুদ্ধে পিছিয়ে থেকেও ড্র করেছে মহমেডান।

কিন্তু মিনি ডার্বিতে নামার আগে সমস্যায় মহমেডান। চোটের জন্য ছিটকে গিয়েছেন ব্যারেটো। অভিষেক হালদারকে খেলা নিয়েও সংশয় আছে। যদিও যারা আছেন তাদের নিয়েই বাজিমাত করতে চান রাশিয়ান কোচ আন্দ্রে। লিগে দুরন্ত পারফর্ম করে চলেছেন ডেভিড। বুধবারও দ্রুত গোল পেতে ডেভিডের দিকে তাকিয়ে সাদা-কালো শিবির।
বুধবারের ম্যাচ আগে নৈহাটি স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।প্রথমে এই ম্যাচ নৈহাটিতে হাওয়ার কথা থাকলেও নিরাপত্তার কথা বিবেচনা করেই কিশোরভারতী স্টেডিয়ামে সরিয়ে আনার সিদ্ধান্ত নেয় আইএফএ। এরফলে উন্মাদনার মাত্রাও আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। তবে মিনি ডার্বির কথা মাথায় রেখে অতিরিক্ত পুলিশ মোতায়েনও থাকছে বুধবারের ম্যাচে।

সমর্থকরা টিকিটের জন্য অপেক্ষায় থাকলেও, বুধবার ম্যাচের আগেই একমাত্র টিকিট হাতে পাবেন দুই দলের সমর্থকরা। ম্যাচ শুরুর দু'ঘণ্টা আগে স্টেডিয়ামের কাউন্টার থেকে দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হবে। টিকিটের মূল্য ৫০ টাকা।
আইএফএ সচিব অর্ণিবান দত্ত ওয়ান ইন্ডিয়াকে জানিয়েছেন, 'মহমেডান নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইছিল। ওদের সমর্থকদের জেলায় গিয়ে ম্যাচ দেখতে সমস্যা হচ্ছে। তাই ম্যাচে কিশোরভারতীতে আনা হয়েছে। ম্যাচ শুরুর আগেই সমর্থকরা স্টেডিয়ামের কাউন্ডার থেকে টিকিট পাবেন।'
বিনো জর্জের কোচিংয়ে এবছর ইস্টবেঙ্গলের জুনিয়র টিম খেলছে কলকাতা লিগে। গ্রুপ লিগে দুর্দান্ত খেলার সুবাদে অনেক আগেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছে লাল-হলুদ শিবির।ইস্টবেঙ্গল ৩০ পয়েন্ট পেয়ে সুপার সিক্সে গিয়েছে। অন্যদিকে মহমেডান স্পোর্টিংয়ের ঝুলিতে ৩২ পয়েন্ট।

নিয়ম অনুযায়ী, গ্রুপ লিগের শেষে প্রতিটি ক্লাবের যে পয়েন্ট থাকবে, 'সুপার সিক্স' পর্যায়ে সেই পয়েন্ট নিয়েই খেলতে শুরু করবে প্রতিটি দল। তবে কলকাতা ফুটবল লিগের (প্রিমিয়ার ডিভিশন) 'সুপার সিক্স'-র পূর্ণাঙ্গ সূচি এখনও দেওয়া হয়নি। প্রতিটি দল সবার সঙ্গে একবার করে খেলবে।












Click it and Unblock the Notifications