CFL 2023: দ্বীপের গোলেও মশাল জ্বলল না, নতুন কোচের সামনে পয়েন্ট খোয়াল ইমামি ইস্টবেঙ্গল
চলতি মরসুমে কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে ড্র দিয়ে শুরু হয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের। এরপর টানা দুটি জয়। আবারও ড্র। সোমবার নৈহাটি স্টেডিয়ামে বিএসএসের কাছে আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল।
কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে বিএসএসের বিরুদ্ধে ১-১ ফলে ড্র করল ইমামি ইস্টবেঙ্গল। খেলার শেষ লগ্নে লুকিয়ে ছিল যত চমক। ৯০ মিনিটে দীপ সাহা গোল করে এগিয়ে দেন লাল হলুদকে। সমর্থকরা ধরেই নিয়েছিলেন দীপ সাহার গোলেই জিতবে এবং তিন পয়েন্ট পাবে তাদের প্রিয় দল। কিন্তু অতিরিক্ত সময়ে বিএসএস-এর সৌরভ সেন সমতা ফেরান ম্যাচে।

৯০ মিনিট গোল না হলেও ঘটনার ঘনঘটা কম হল না। ম্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গলের তুহিন দাস লাল কার্ড দেখেন। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন বিএসএসের নব কুমার দাস। ফলে বেশ অনেকটা সময়ই ম্যাচ হল ১০ জনে। লাল হলুদ ফুটবলাররা একাধিক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন।
একটা সময় মনে হচ্ছিল গোলশূণ্য ড্র হবে এই ম্যাচ। কিন্তু ম্যাচের শেষ লগ্নে লাল হলুদ সমর্থকদের স্বস্তি দিয়ে গোল করলেন দ্বীপ সাহা। কিন্তু দ্বীপ গোল করলেও মশাল জ্বলল না। বরং বৃষ্টিতে হ্লান হয়ে গেল ইস্টবেঙ্গলের জয়ের স্বপ্ন। অতিরিক্ত সময়ে(৯৭ মিনিটে) খেলায় সমতা ফিরিয়ে মাঠে উপস্থিত ইষ্টবেঙ্গল সমর্থকদের চুপ করিয়ে দিলেন বিএসএসের গোলদাতা সৌরভ সেন। ফলে নিশ্চিত ২ পয়েন্ট মাঠে ফেলে আসতে হল বিনো জর্জের দলকে।

নৈহাটিতে ইস্টবেঙ্গল-বিএসএস ম্যাচ দেখতে উপস্থিত লাল হলুদের নতুন কোচ কার্লোস কুয়াদ্রাত এবং সহকারী কোচ দিমাস দেলগাদো। নতুন কোচ রবিবার মধ্যরাতে কলকাতায় পা দেওয়ার পর বিকেলেই সহকারিকে নিয়ে পৌঁছে গেলেন নৈহাটিতে।তবে নতুন কোচের সামনে জয় অধরাই থাকল দলের। কলকাতা লিগে দুই ম্যাচে পয়েন্ট খুইয়ে শুরুতেই চাপে পড়ল লাল হলুদ।












Click it and Unblock the Notifications