CFL 2023: দীপের গোলে মান বাঁচল ইমামি ইস্টবেঙ্গলের, ভবানীপুরের বিরুদ্ধে পিছিয়ে পড়ে ড্র
CFL 2023: কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে আজ নিজেদের মাঠে নেমেও তিন পয়েন্ট ঘরে তুলতে পারল না ইমামি ইস্টবেঙ্গল। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দীপ সাহার গোলে ১-১ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো লাল হলুদকে।
ইস্টার্ন রেলের বিরুদ্ধে ৫-১ এবং আগের ম্যাচে উয়াড়ির বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল লাল হলুদ। ক্লাবের প্রতিষ্ঠা দিবসের পর প্রথম তথা লিগের সপ্তম ম্যাচে ফের আটকে গেল বিনো জর্জের দল। দীপ পরিত্রাতা না হলে অপরাজেয় তকমা ধরে রাখাও কঠিন হতো।

উয়াড়ি ম্যাচের প্রথম একাদশে আজ লাল হলুদের হেড কোচ বিনো জর্জ পাঁচটি পরিবর্তন এনেছিলেন। নিরঞ্জন মণ্ডল, অতুল উন্নিকৃষ্ণন, সার্থক গোলুই, গুরনাজ গ্রেওয়াল ও আমন সিকে-র জায়গায় শুরু থেকে নামানো হয়েছিল তুহিন দাস, আদিল আমল, মহম্মদ রাকিপ, এডউইন সিডনি বংশপাল ও তন্ময় দাসকে। বংশপাল এদিন লাল হলুদের জার্সি পরে প্রথমবার খেললেন।
১৯ মিনিটে লাল হলুদের মিডফিল্ডার সঞ্জীব ঘোষের প্রয়াস রুখে দেন ভবানীপুরের গোলরক্ষক শংকর রায়। ৩০ মিনিটে জিতেন মুর্মুর অ্যাসিস্টে গোল করে ভবানীপুরকে এগিয়ে দেন সুভাষ সিং। বিরতিতে ১-০ গোলেই এগিয়ে ছিল ভবানীপুর ক্লাব। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে ওঠে লাল হলুদ ব্রিগেড।

৫৪ মিনিটে দীপ সাহার গোলে সমতা ফেরায় ইমামি ইস্টবেঙ্গল। কুশ ছেত্রীর হেড ক্রসবারে লেগে ফিরে এসেছিল, সেই সময় বল নিজের দখলে নিয়ে জালে জড়াতে কোনও ভুল করেননি দীপ। সমতা ফেরানোর পরেও লিড নেওয়ার জন্য চেষ্টা চালাতে থাকেন জর্জের ছেলেরা। কিন্তু শেষ অবধি দুই দলই আর গোলমুখ খুলতে পারেনি।
দ্বিতীয়ার্ধে দাপট দেখায় ইমামি ইস্টবেঙ্গলই। দুই প্রান্ত ধরে বেশ কয়েকটি ভালো আক্রমণ তৈরি করা হয়েছিল। যদিও কাজের কাজ হয়নি। শেষ মুহূর্তে দীপ সাহার ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এই ফ্রি কিক থেকেই গোলের আশায় ছিল লাল হলুদ বাহিনী। চলতি লিগে চতুর্থ গোলটি করে সেরার পুরস্কার পেয়েছেন দীপ। লিগে ইমামি ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ৯ অগাস্ট রেলওয়ে এফসির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications