CFL 2023: এরিয়ানকে হারিয়ে লিগ চ্যাম্পিয়নশিপ রাউন্ডের দুয়ারে ইমামি ইস্টবেঙ্গল
কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত ইমামি ইস্টবেঙ্গলের। শনিবার নৈহাটি স্টেডিয়ামে এরিয়ানকে হেলায় হারিয়ে দিল লাল হলুদ ব্রিগেড। ম্যাচের ফল ২-০। এই জয়ের ফলে লিগ চ্যাম্পিয়নশিপ রাউন্ডে অনেকটাই নিশ্চিতই হয়ে গেল লাল-হলুদ শিবির।
লিগে ইস্টবেঙ্গলের জন্য এই ম্যাচটিকে বেশ কঠিন ম্যাচ হিসাবেই ভাবা হচ্ছিল। এমনিতেই এরিয়ান এ বছর দুরন্ত ছন্দে। তার উপর আবার চোটাঘাত সংক্রান্ত সমস্যায় জর্জরিত ছিল বিনো জর্জের রিজার্ভ দল। বাধ্য হয়ে লাল-হলুদের মূল দলের বেশ কয়েকজন ফুটবলারকে এরিয়ানের বিরুদ্ধে প্রথম একাদশে নামিয়ে দেন বিনো জর্জ।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণের ঝড় দেখতে পাওয়া যায়। ২৫ মিনিটে এরিয়ানের গোলরক্ষক আকাশ মণ্ডল বক্সের বাইরে বেরিয়ে আসেন এবং ইস্টবেঙ্গলের ফুটবলার সঞ্জীব ঘোষের জার্সি টেনে ধরেন। সেকারণে তাঁকে হলুদ কার্ড দেখানো হয়।
প্রথম ৪৫ মিনিট গোল আসেনি। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়েই হল জোড়া গোল। সংযুক্তি সময়ের ২ মিনিটের মাথায় প্রথম গোলের খাতা খোলেন জেসিন টিকে, এর তিন মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুন করলেন আমন সিকে।
এই ম্যাচে অন্তত ৫ গোলে জয় পেতে পারত লাল হলুদ ব্রিগেড। কিন্তু শুধুই সুযোগ নষ্টের প্রদর্শনী দ্বিতীয়ার্ধ জড়ে। ফলে গোলের ব্যবধান বাড়েনি।

এই জয়ের ফলে ১০ ম্যাচে ইস্টবেঙ্গল পৌঁছে গেল ২৪ পয়েন্টে। আরিয়ান ৯ ম্যাচে ১৮ পয়েন্টে রইল। দ্বিতীয় স্থানে থাকা ভবানীপুর ৮ ম্যাচ খেলে ২০ পয়েন্ট পেয়েছে। তৃতীয় স্থানে থাকা খিদিরপুর ক্লাব ৯ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট পেয়েছে। চতুর্থ স্থানে থাকা এরিয়ান ৯ ম্যাচ খেলে ১৮ পয়েন্টেই থাকল












Click it and Unblock the Notifications