FIFA Ban AIFF: ফিফার নির্বাসন তুলতে মরিয়া কেন্দ্র, চিঠি গেল সুপ্রিম কোর্টে
FIFA Ban AIFF: ফিফার নির্বাসন তুলতে মরিয়া কেন্দ্র, চিঠি গেল সুপ্রিম কোর্টে
সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর উপর ফিফার নির্বাসন তোলার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর অনুযায়ী, রবিবারই সুপ্রিম কোর্টকে আর্জি জানিয়েছে চিঠি দিয়েছে কেন্দ্র।

ফিফার নিষেধাজ্ঞা তুলতে তৎপর কেন্দ্র:
ভারতীয় ফুটবলকে ফিফার নির্বাসন মুক্ত করতে এবং সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর উপর থেকে নিষেধাজ্ঞা তোলার জন্য দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে দেশের সর্বোচ্চ আদালত নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিট্রেটর (সিওএ)-এর অবসান ঘটানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীক। শীর্ষ আলাদতের এই মামলার পরবর্তী শুনানির আগে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

চিঠিতে ক্রীড়ামন্ত্রক যা জানিয়েছে:
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, তারা রাজি ফিফার সমস্ত দাবি মেনে নিতে, যার মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ-এর জবনিকা পতন। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি পদে নির্বাচনের জন্য সাত জনকে বাছা হয়েছে যার মধ্যে রয়েছেন বাইচুং ভুটিয়াও। যদিও এই সাত জনের মধ্যে রবিবার দুই জনের মনোনয়ন বাতিল করে দিয়েছে রিটার্নিং অফিসার। কারণ হিসেবে দেখানো হয়েছে প্রস্তাব এবং সমর্থনকারী জানিয়েছেন যে তারা কারোর মনোনয়ন পত্রে সাক্ষর করেনি।

ফিফার নির্বাসন:
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগ এনে ভারতীয় ফুটবলকে ১৬ অগস্ট নির্বাসিত করে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ফিফার আইনে স্পষ্ট ভাবে বলা রয়েছে ফিফা স্বীকৃত প্রতিটি দেশের ফুটবল সংস্থা হবে স্ব-শাসিত। এই সংস্থায় কোনও হস্তক্ষেপ থাকবে না, সরকার বা কোনও তৃতীয় পক্ষের। সুপ্রিম কোর্ট নির্দেশে নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) এআইএফএফ-এর অভ্যন্তরীন বিষয়ে ঢোকার ফলেই নির্বাসিত হতে হয় ফেডারেশনকে।

কোনও ভাবেই মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হাতছাড়া করতে চায় না সরকার:
অক্টোবরে ভারতের মাটিতে আয়োজিত হওয়ার কথা মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। কিন্তু এআইএফএফ-এর উপর নিষেধাজ্ঞা আসায় বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়। ফিফার পক্ষ থেকে বলা হয়, "পরিকল্পনা অনুযায়ী ১১-৩০ অক্টোবর ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও আপাতত তা হওয়ার সম্ভাবনা নেই। টুর্নামেন্টের বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে তা খাতিয়ে দেখছে ফিফা। ভারতের ক্রীড়ামন্ত্রকের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছে ফিফা এবং তারা আশাবাদী এর সঠিক পথ খুঁজে বের করা সম্ভব হবে।"
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট বা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক কেউই চায় না এই সুযোগ ভারতের হাতছাড়া হোক। তাই ভারতীয় ফুটবলকে নির্বাসন মুক্ত করতে কেন্দ্রকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এখন দেখার কেন্দ্রের চিঠির ভিত্তিতে দেশের সর্বোচ্চ আলদাত কী সিদ্ধান্ত নেয়।












Click it and Unblock the Notifications