Caribbean Premier League: ফুটবলের পর ক্রিকেটে লাল কার্ড! কোন লিগে আত্মপ্রকাশ করছে নতুন নিয়ম?
ফুটবলের পর ক্রিকেটে লাল কার্ড! অবাক করা ঘটনা হলেও এমনই হতে চলেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। আসন্ন মরসুমে একগুচ্ছ নয়া নিয়মে হতে চলেছে দ্বীপপুঞ্জের ক্রিকেট লিগের আসর। তারমধ্যে অন্যতম লাল কার্ড। এবার থেকে ফুটবলের মতোই লাল কার্ড দেখলে মাঠের বাইরে চলে যেতে হবে ক্রিকেটারও।
আসন্ন মরসুম থেকে সিপিএলে চালু হবে লাল কার্ড। কোন কোন ক্ষেত্রে নিয়মভঙ্গ করলে লাল কার্ড দেখতে পারেন ফিল্ডাররা, সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও করা হয়েছে লিগ কর্তৃপক্ষের তরফে।

সিপিএলের পক্ষ থেকে জানা গিয়েছে, ২০ তম ওভারের শুরুতে ফিল্ডিং করা দল যদি নির্ধারিত সময়ের থেকে পিছিয়ে থাকে তা হলে সেই দলের একজন ক্রিকেটারকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারবেন আম্পায়ার।
এ বার থেকে মন্থর বোলিং করলে শুধু ৩০ গজ বৃত্তের মধ্যে অতিরিক্ত ফিল্ডার রাখতে হবে তাই নয়, ফুটবলের মতো এক জন ফিল্ডারকে লাল কার্ডও দেখাবেন আম্পায়ার। যার নিট ফল, শেষ ওভারে ১০ জন ফিল্ডার থাকবেন মাঠে। ফুটবলে যে ফুটবলার অন্যালয় করেন তাঁকেই লাল কার্ড দেখানো হয়। তবে ক্রিকেটের ক্ষেত্রে নিয়মটা অন্য। দলের শাস্তি একজনকে পেতে হবে।

আরও বেশ কিছু নতুন নিয়ম বলবৎ হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। যদি দেখা যায় ১৮তম ওভারের শুরুতে বোলিং দল সময়ের থেকে পিছনে চলছে তা হলে এক জন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের ভিতরে থাকতে হবে। যদি ১৯তম ওভারের শুরুতেও বোলিং দল সময়ের পিছনে চলে তা হলে দু'জন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের ভিতরে থাকতে হবে।

শুধু বোলার বা ফিল্ডারদের ক্ষেত্রেই নয়, একইসঙ্গে ব্যাটিং টিমকেও এবার থেকে বাড়তি সতর্ক থাকতে হবে। সময় মেনে ম্যাচ শেষ করার জন্য ব্যাটিং টিমের উপরও দায়িত্ব থাকবে। আম্পায়াররা প্রথম এবং শেষ বার সতর্ক করা পরেও ব্যাটিং দল সময় নষ্ট করলে সে ক্ষেত্রে এই ঘটনার জন্য ৫ রান কেটে নেওয়া হবে।












Click it and Unblock the Notifications