নেইমারের অবসর ভাবনা! ব্রাজিলের তারকা কি কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন? চর্চা বিশ্ব ফুটবলে
লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে জানিয়ে দিলেন নেইমার। বিশ্ব ফুটবলের তিন মহাতারকা যে কাতারেই শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন তা একরকম পরিষ্কার। ব্রাজিলের তারকা নেইমার কোনও ধোঁয়াশা না রেখেই জানিয়ে দিলেন, ২০২২ সালের পর আন্তর্জাতিক ফুটবল কতটা খেলতে পারবেন তা নিয়ে তিনি নিজেই সন্দিহান। ফলে কাতারই হতে চলেছে তাঁর শেষ বিশ্বকাপ।

ফুটবলের যে চাপ তা তাঁর শরীর ও মনে প্রভাব ফেলছে বলেই দাবি নেইমারের। তার ফলেই বিশ্বকাপের এক বছর আগেই অবসর ভাবনা! দেশকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানোর লক্ষ্যে নেইমার দুটি বিশ্বকাপ খেলেছেন। কিন্তু দুবারই হতাশ হতে হয়েছে। ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিল সেমিফাইনাল থেকে বিদায় নেয়। ২০১৮ সালে কোয়ার্টার ফাইনাল থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক কেরিয়ারে তার আগেই যবনিকা টানার ব্যাপারে মনস্থির করছেন নেইমার।

ব্রাজিলকে হারিয়ে এবারই প্রথম কোপা আমেরিকা জেতার স্বাদ পেয়েছেন মেসি। কোপায় ব্রাজিলের হয়ে খেলেন নেইমারও। পিএসজিতে নেইমার আবার এখন মেসির সতীর্থ। তিনি নেইমার অ্যান্ড দ্য লাইন অব কিংস নামক ডকুমেন্টারিতে বলেছেন, আমার মনে হচ্ছে কাতারেরই আমি শেষ বিশ্বকাপ খেলতে চলেছি। শেষ এ কারণেই বলছি কেন না আমি জানি না বিশ্বকাপের পর ফুটবল চালিয়ে যাওয়ার ব্যাপারে আমার মনের জোর বা মনের অবস্থা কীরকম থাকবে। তাই ভালো কিছুর জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপাব। দেশকে বিশ্বকাপ জেতানোর জন্য যা কিছু করার দরকার তা-ই করব। ছোটবেলা থেকেই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছি। আমি আশাবাদী বিশ্বকাপ জেতার ব্যাপারে।

২০০২ সালের পর আর ফুটবল বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। ২০১৪ সালে দেশের মাটিতে প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পান নেইমার। কিন্তু ব্রাজিলকে সন্তুষ্ট থাকতে হয়েছিল চতুর্থ স্থান দখল করে। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে হেরেছিল নেদারল্যান্ডসের কাছে। ২০১৮ সালের বিশ্বকাপে সেমিফাইনালেই উঠতে পারেননি নেইমাররা। ২০১৪ সালে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে হারালেও সেই ম্যাচে জুয়ান জুনিগার চ্যালেঞ্জে ভার্টিব্রা ভেঙে বিশ্বকাপ থেকে ছিটকে যান নেইমার। এরপর থিয়াগো সিলভাও না থাকায় জার্মানির কাছে সেমিফাইনালে লুই ফিলিপ স্কোলারির ব্রাজিল হারে ১-৭ গোলে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের আগেও নেইমারকে ভোগায় ফিটনেস সমস্যা! তবু তিতের দলে ঢুকে গোলও পেয়েছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে।












Click it and Unblock the Notifications