বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে সংশয় বাড়ল ব্রাজিলের কোচের কথাতেই, স্পষ্ট করলেন দর্শনও
বিশ্বকাপে কি খেলবেন নেইমার? ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারলেন না। ফলে নেইমার-ভক্তদের সংশয় বাড়ছেই।
উল্লেখ্য, গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে ইতালীয় এই প্রশিক্ষক প্রাক্তন অধিনায়ক নেইমারকে দলে ডাকেননি।

ওয়াশিংটনে শুক্রবার আয়োজিত বিশ্বকাপের গ্রুপবিন্যাসর অনুষ্ঠানের পর এক সাংবাদিক বৈঠকে আনচেলত্তি বলেন, "যদি নেইমার (দলে) থাকার যোগ্য হয় এবং অন্যদের চেয়ে ভালো হয়, তাহলে সে বিশ্বকাপে খেলবে, এটাই শেষ কথা। কিন্তু আমার কারও কাছে কোনও লেনাদেনা নেই।"
এরই মধ্যে, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে 'সি' গ্রুপে স্থান পেয়েছে। নেইমার প্রসঙ্গ টেনে আনচেলত্তি বলেন, "যদি আমরা নেইমারকে নিয়ে কথা বলি, তবে অন্যান্য খেলোয়াড়দের নিয়েও কথা বলতে হবে।" তিনি যোগ করেন, "নেইমার থাকুক বা না থাকুক, অন্যান্য খেলোয়াড় থাকুক বা না থাকুক - আমাদের ব্রাজিলকে নিয়েই ভাবতে হবে। মার্চে ফিফার ম্যাচগুলোর পর আমরা চূড়ান্ত দল ঘোষণা করব।"
৩৩ বছর বয়সী নেইমার ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে এসিএল ছিঁড়ে যাওয়ার পর থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তবে ব্রাজিলের চ্যাম্পিয়নশিপে সান্টোসের অবনমন এড়ানোর লড়াইয়ে তিনি মূল ভূমিকা রাখছেন। বুধবার পেশীর চোট নিয়েও সান্টোসের হয়ে হ্যাটট্রিক করেন তিনি। রবিবার ক্রুজেইরোর বিপক্ষে আবারও তার খেলার কথা রয়েছে।
আনচেলত্তি জানান, ব্রাজিলের বর্তমানে কোনও "রেফারেন্সিয়াল প্লেয়ার" নেই। ২০১৪ সালের ঘরের মাঠে বিশ্বকাপ থেকে নেইমারই মূলত 'সবচেয়ে মূল্যবান খেলোয়াড়'-এর এই তকমাটি বহন করে আসছিলেন। আনচেলত্তি আরও বলেন, "আমাদের বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন, সেরা কিছু ডিফেন্ডার, মিডফিল্ডার এবং শক্তিশালী কিছু ফরোয়ার্ড আছে। আমি এমন খেলোয়াড় চাই না যারা বিশ্বের সেরা হতে চায়; আমি এমন খেলোয়াড় চাই যারা বিশ্বকাপ জিততে চায়।"
গ্রুপ নিয়ে জানতে চাইলে আনচেলত্তি জানান, ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। তাঁর কথায়, "আমরা তিনটি ম্যাচই জিততে পারি, আমাদের লক্ষ্য পরিষ্কার। পুরো বিশ্বকাপ জুড়েই আমাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে হবে। আমাদের চূড়ান্ত লক্ষ্য ফাইনালে খেলা, আর তার জন্য শক্তিশালী দলগুলোর মোকাবিলা করতে হবে।" উল্লেখ্য, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের শেষ শিরোপাটি ছিল ২০০২ সালে।












Click it and Unblock the Notifications