Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চিলিকে হারিয়ে কাতার বিশ্বকাপের দিকে পা বাড়াল ব্রাজিল, ইংল্যান্ড জিতলেও আটকে গেল ইতালি

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অপ্রতিরোধ্য ব্রাজিল। সাত ম্যাচে টানা সপ্তম জয় ছিনিয়ে নিলেন নেইমাররা। আর্জেন্তিনার বিরুদ্ধে কোপা আমেরিকা ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নিতে নামার আগে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে তিতের ছেলেদের। বিশেষ করে যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা নয় ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এই উইন্ডোয় তিনটি ম্যাচ খেলছে ব্রাজিল।

ব্রাজিলের স্বপ্নের দৌড় অব্যাহত

বিশ্বকাপের সাউথ আমেরিকান কোয়ালিফায়ারে সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে কাতার বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। যদিও আজ নিজেদের মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকার পাশাপাশি ম্যাচের বেশিরভাগটাই ব্রাজিলের চেয়ে ভালো খেলেছে চিলি। কিন্তু গোলমুখ খুলতে ব্যর্থ হয়। প্রথমার্ধে ম্যাচের ফল ছিল গোলশূন্য। ৬৪ মিনিটে নেইমার ও এভার্টন রিবেইরোর যুগলবন্দিতে জয়সূচক গোলটি পায় ব্রাজিল। দানিলোর থেকে বল পেয়ে তা রিবেইরোকে বাড়ান নেইমার, রিবেইরো ফের নেইমারকে লক্ষ্য করে বল বাড়ালে শট নেন নেইমার। কিন্তু তা চিলির গোলকিপার ক্লদও ব্রাভো রুখে দিলেও রিবেইরোকে গোল করা থেকে আটকাতে পারেননি। ম্যাচের শেষ দিকে চিলির ফুটবলারদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান নেইমার। মাথা গরম করে ইনজুরি টাইমে হলুদ কার্ডও দেখেন, এমনকী এর রেশ চলে খেলার শেষেও। ব্রাজিলের এই স্বপ্নের দৌড় মেসিরা ফের থামাতে পারেন কিনা এখন সেদিকেই থাকবে সকলের নজর। ভারতীয় সময় রবিবার রাত সাড়ে ১২টায় ব্রাজিল-আর্জেন্তিনা দ্বৈরথ। সাত ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ২১, আর্জেন্তিনার ১৫। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইকুয়েডর রয়েছে তিনে। এদিন, এই গ্রুপের উরুগুয়ে ও পেরু ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

আটকে গেল ইতালি

এর আগে ব্রাজিল ও স্পেনের মহাকীর্তি স্পর্শ করে ইতালি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালিকে রুখে দিয়েছে বুলগেরিয়া। কিন্তু এই ফলাফলের সৌজন্য টানা ৩৫টি ম্যাচে অপরাজেয় আজুরিরা। ইতালি শেষ হেরেছে ২০১৮ সালে। চলতি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অবশ্য এই প্রথম ড্র করল ইতালি। বৃহস্পতিবারের ম্যাচে ১৬ মিনিটে ফেদেরিক কিয়েসা ইতালিকে এগিয়ে দিয়েছিলেন। যদিও ৩৯ মিনিটে আতানাস ইলিয়েভের গোলে সমতা ফেরায় বুলগেরিয়া। গ্রুপ সি-তে অবশ্য ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই পরের ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামবে রবার্তো মানচিনির দল।

ইংল্যান্ডের জয়ে বিতর্ক

অন্যদিকে, বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ আইয়ের ম্যাচে হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। চার ম্যাচের চারটিতেই জিতলেন হ্যারি কেনরা। ৫৫ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। ৬৩ মিনিটে ব্য়বধান বাড়ান হ্যারি কেন। ৬৯ মিনিটে হ্যারি ম্যাগুয়ার ৩-০ গোলে থ্রি লায়ন্সকে এগিয়ে দেন। ৮৭ মিনিটে ডেক্লান রাইস ইংল্যান্ডের চতুর্থ গোলটি করেন। এই ম্যাচের শুরুতেই বর্ণবিদ্বেষের প্রতিবাদে ইংল্যান্ডের ফুটবলাররা হাঁটু গেঁড়ে বসেছিলেন। তা দেখে গ্যালারি থেকে টানা বিদ্রুপ করা হয়। বুদাপেস্টে দর্শকদের আচরণ নিয়ে ইউরো চলাকালীনও বিতর্ক হয়েছিল এবং দর্শক-ব্যানের শাস্তি হয় হাঙ্গেরির। কিন্তু বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তা প্রযোজ্য নয়। সংবাদমাধ্যমের দাবি, ইংল্যান্ডের ফুটবলারদের প্রতি বর্ণবৈষম্যমূলক কটূক্তিও করেন দর্শকরা। ইংল্যান্ড দলের নিরাপত্তা আধিকারিকরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। দর্শকদের অভব্য আচরণের প্রতিবাদ জানিয়ে উয়েফার দ্বারস্থও হচ্ছে ইউরো-র রানার-আপরা।

স্পেনকে হারাল সুইডেন

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ বি-র ম্যাচে স্পেনকে হারিয়ে চমকে দিয়েছে সুইডেন। তাও আবার পিছিয়ে পড়ে। ৪ মিনিটে কার্লোস সোলের স্পেনকে এগিয়ে দেওয়ার এক মিনিটের মধ্যেই সুইডেন সমতা ফেরায় আলেকজান্ডার ইসাকের গোলের সুবাদে। বিরতিতে ম্যাচের ফল ছিল ১-১। ৫৭ মিনিটের মাথায় সুইডেনের জয়সূচক গোলটি করেন ভিক্টর ক্লায়েসন। এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে সুইডেন। চার ম্যাচে স্পেন সাত পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে।

জার্মানির সহজ জয়

গ্রুপ জে-তে জার্মানি সহজ জয় পেল লিচেনস্টেইনের বিরুদ্ধে। ৪১ মিনিটে জার্মানদের এগিয়ে দেন টিমো ওয়েনার। ৭৭ মিনিটে ব্যবধান বাড়ান লিরয় জানে। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্মেনিয়া।

ওমানের চমক

গ্রুপ বি-র তৃতীয় রাউন্ডে জাপানকে এক-শূন্য গোলে হারিয়ে চমক গিয়েছে ওমান। ৮৮ মিনিটে জয়সূচক গোলটি করেন ইসসাম আল সভি। চিনকে ৩-০ গোলে হারানোয় এই গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষস্থান অস্ট্রেলিয়া। ২৪ মিনিটে আওয়ের মাবিল, ২৬ মিনিটে মার্টিন বয়েলের গোলে প্রথমার্ধে অজিরা এগিয়ে থাকার পর ৭০ মিনিটে অস্ট্রেলিয়ার তৃতীয় গোলটি করেন মিচেল ডিউক। সৌদি আরব ৩-১ গোলে হারিয়েছে ভিয়েতনামকে। আলবেনিয়াকে চার-এক গোলে হারিয়েছে পোল্যান্ড।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+