ইস্টবেঙ্গল কর্মকর্তাদের উদ্দেশে ভাইচুংয়ের বার্তায় বল পেলেন সমর্থকরা, দেখতে চান আইএসএলেই
চলতি মাসেই শুরু হবে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। অথচ এখনও ইস্টবেঙ্গলের আঁধার কাটেনি। ইনভেস্টরের সঙ্গে ক্লাব কর্তাদের চুক্তিপত্র নিয়ে সংঘাতে প্রবল অনিশ্চয়তায় ক্লাবের ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে ক্লাবকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ক্লাব তথা দেশের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া।

উদ্বিগ্ন ভাইচুং
আজ কলকাতায় তিনি একটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইডেন গার্ডেন্সে, ইস্টবেঙ্গল ক্লাবের ঢিল ছোড়া দূরত্বে। ইস্টবেঙ্গলের এই অচলাবস্থা যে তাঁকেও ব্যথিত করছে সে কথা এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভাইচুং। তিনি বলেন, অবিলম্বে ক্লাব কর্তাদের উচিত চুক্তিপত্রে সই করে দেওয়া। যখন শ্রী সিমেন্টের টার্মশিটে ইস্টবেঙ্গলের কর্তারা সই করেছিলেন তখন আমি ছিলাম না। উল্লেখ্য, যখন ইস্টবেঙ্গল আগের বছর আইএসএল খেলার জন্য ইনভেস্টর পাচ্ছিল না, তখন যে প্রাক্তন ফুটবলারদের ডেকেছিলেন ক্লাবকর্তারা তাঁদের মধ্যে ভাইচুং ছিলেন।

ক্লাবকর্তাদের বার্তা
সে কথা মনে করিয়ে এদিন পাহাড়ি বিছে বলেন, আমি তখনই বলেছিলাম লগ্নিকারীর সঙ্গে তাড়াহুড়ো করে কোনও চুক্তি সম্পাদনের দরকার নেই। এক বছর সময় লাগলে লাগুক। কিন্তু তখন সকলেই চাইছিলেন যে করেই হোক আইএসএল খেলতে। শ্রী সিমেন্ট নিজে থেকে বিনিয়োগ করতে আসেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্টে লগ্নিকারী জোগাড় করে দেওয়ায় শেষ অবধি আইএসএল খেলে লাল হলুদ। ফলে এখন যে শর্তগুলির কথা ক্লাবের কর্তারা বলছেন সেগুলি তখন বলেননি কেন? তাহলে তখনই তো চুক্তিটা হয় না শ্রী সিমেন্ট এত অর্থ ঢেলেছে। এরপর যেটা চলছে সেটা অপেশাদারিত্বেরই নমুনা বলে মনে করেন ভাইচুং। তাঁর কথায়, এখন ইনভেস্টরের চলে যাওয়া তো মুখ্যমন্ত্রীর প্রতিও অসম্মান। প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে সমর্থক সকলেই চান ইস্টবেঙ্গল দেশের সেরা লিগেই খেলুক। সেটাই নিশ্চিত করা উচিত ইস্টবেঙ্গলের।

অবিলম্বে চুক্তি সইয়ের দাবি
সম্প্রতি অচলাবস্থা কাটাতে ১১ জন প্রাক্তনকে নিয়ে কমিটি গঠন করেছেন ইস্টবেঙ্গলের কর্তারা। কিন্তু শ্রী সিমেন্ট জানিয়ে দিয়েছে, চুক্তিতে সই করার পর যা কথা হওয়ার হবে। তার আগে নয়। চুক্তি সই না করলে যে অর্থ তারা খরচ করেছে তা ফেরত দিলে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়া হবে। এখন যে জায়গায় গোটা পরিস্থিতি দাঁড়িয়ে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ ছাড়া জট কাটা সম্ভব নয়। ইস্টবেঙ্গলের দলগঠনের কাজ শুরুই হয়নি। ৩১ অগাস্ট ট্রান্সফার উইন্ডো খোলা, ফলে কবে কী হবে কেউ জানে না। ভাইচুং বলেন, গতবারও শেষ মুহূর্তে দল গড়তে গিয়ে ভালো দল হয়নি। লিগ টেবিলে নয়ে ছিল লাল হলুদ। এবার পরিস্থিতি আরও খারাপ। ফলে অবিলম্বে উচিত চুক্তিতে সই করে দল গঠনে ঝাঁপিয়ে পড়া। আর ক্লাবকর্তারা যদি মনেই করেন চুক্তিটা ভালো নয়, তবে আগেই তা বলা উচিত ছিল। একই শর্ত মেনে আইএসএল খেলে এখন অন্য কথা বলা, চুক্তিতে সই না করার কথা বলা ঠিক নয়। সর্বোপরি মুখ্যমন্ত্রীর সম্মানের কথাও লাল হলুদ কর্তাদের মনে রাখা উচিত বলে উপলব্ধি ভাইচুংয়ের।












Click it and Unblock the Notifications