AIFF Meeting: কল্যাণের পদত্যাগ চান ভাইচুং, সাজিকে নিয়ে তোলপাড় এআইএফএফের মিটিং
AIFF Meeting: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদ থেকে কল্যাণ চৌবের পদত্যাগ দাবি করলেন ভাইচুং ভুটিয়া। দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বেহাল দশার জন্য চৌবেকেই দায়ী করেছেন তিনি।
ফুটবল প্রশাসনে রাজনীতির অভিযোগ তুলে ভাইচুং সরব হলেন ফেডারেশনের কর্মসমিতির বৈঠকে। ভাইচুং নিজে এআইএফএফের সভাপতি নির্বাচনে লড়ে হেরে গিয়েছিলেন। তিনি চান ঢেলে সাজানো হোক ফেডারেশন।

গত ৭ নভেম্বর বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে সেক্রেটারি জেনারেলের পদ থেকে সাজি প্রভাকরণকে সরিয়ে দিয়েছিল এআইএফএফের এমারজেন্সি কমিটি। যদিও তার পরদিনই দিল্লি হাইকোর্ট সেই পদক্ষেপে স্থগিতাদেশ জারি করে। গত ১৯ জানুয়ারি এই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টের অবস্থান স্পষ্ট হতেই ফেডারেশন এগজিকিউটিভ কমিটির বৈঠক ডাকে।
দিল্লি হাইকোর্টের বিচারপতি বলেন, ফেডারেশনের সংবিধান অনুযায়ী এমন সিদ্ধান্ত নিতে পারে এগজিকিউটিভ কমিটি। সেই কমিটির বৈঠক ডাকতে ফেডারেশনের বাধা নেই বলেও জানায় আদালত। তার প্রেক্ষিতেই আজ সাজিকে দ্বিতীয়বারের জন্য সেক্রেটারি জেনারেল পদ থেকে সরিয়ে দেওয়া হলো।
যদিও সাজির সঙ্গে ভাইচুংও জানতে চেয়েছেন, বিশ্বাসভঙ্গের বিষয়টি কীভাবে এলো? সাজির দাবি, ফেডারেশনে কোনও এমারজেন্সি কমিটি আগে থেকে গঠিত না থাকলেও হঠাৎ সেই কমিটি কীভাবে তাঁকে সরাতে পারে? তিনি আর্থিক বা অন্য কোনও দুর্নীতির সঙ্গেও যুক্ত নন বলে দাবি করেছেন প্রভাকরণ।
ফেডারেশন সভাপতির সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে পৌঁছনোয় তিনি পদত্যাগ করতেন বলেও জানান সাজি। সাজি এদিন কমিটির কাছে যে প্রশ্নের উত্তরগুলি জানতে চান, তা শুনেই সহ সভাপতি এনএ হ্য়ারিস বলেন, বিষয়টি বিচারাধীন। ভাইচুং এদিন ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন।
ভাইচুং বলেন, দায়িত্ব পাওয়ার এক বছরের মধ্যেই কর্তাদের বিবাদ যে জায়গায় পৌঁছেছে তাতে ক্ষতি হচ্ছে ভারতীয় ফুটবলেরই। সাজি একা কোনও সিদ্ধান্ত নেননি। ফলে তাঁকে সরানো হলে সভাপতি কল্যাণ চৌবে ও কোষাধ্যক্ষ কিপা অজয়েরও পদত্যাগ করা উচিত। কেন না, তাঁরা তিনজন মিলে এগজিকিউটিভ কমিটিকে না জানিয়ে যাবতীয় সিদ্ধান্ত নিয়েছেন।
ভাইচুংয়ের দাবি, সাজি একা কোনও সিদ্ধান্ত নেননি। সেক্ষেত্রে সকলেই সমান দায়ী। যেখানে আদালতের বিচারপ্রক্রিয়া সরাসরি সম্প্রচার হয় সেখানে ফেডারেশনের বিভিন্ন সভার লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানানো সত্ত্বেও তা করা হয়নি বলে অভিযোগ করেছেন ভাইচুং।
ভারতের প্রাক্তন অধিনায়কের দাবি, ফেডারেশনের জন্যই এশিয়ান গেমস ও এশিয়ান কাপে ভারতের খারাপ ফল হয়েছে। ফেডারেশন কর্তাদের অব্যবস্থার কারণেই হাংঝৌয়ে পৌঁছনোর কয়েক ঘণ্টার মধ্যে ভারতীয় ফুটবল দলকে খেলতে নামতে হয়েছিল। এশিয়ান কাপের আগে ভারতীয় দলের পর্যাপ্ত প্রস্তুতির বন্দোবস্ত করতেও ব্যর্থ হয়েছে ফেডারেশন।












Click it and Unblock the Notifications