আইএসএল ফাইনালে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ বেঙ্গালুরু এফসি কর্ণধারের, VAR চালুর দাবি
আইএসএল ফাইনালে গতকাল ফতোরদার নেহরু স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। প্রথমার্ধে ম্যাচের ফল ছিল ১-১। ৯০ মিনিটের শেষে ২-২ থাকার পর অতিরিক্ত সময়ে আর কেউ গোল পায়নি। তিনটি পেনাল্টি দেন রেফারি। যদিও যে পেনাল্টি থেকে বাগান সমতা ফেরায় তা নিয়ে এবার প্রশ্ন তুললেন বেঙ্গালুরু এফসির কর্ণধার পার্থ জিন্দাল।

বিতর্কিত পেনাল্টি
ঘটনা ম্যাচের ৮৫ মিনিটে। কিয়ান নাসিরিকে অবৈধভাবে পাবলো পেরেজ বাধা দিলে পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। কিয়ান বক্সের মধ্যে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন জানান। যার জেরে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, কিয়ানকে যেখানে অবৈধভাবে বাধা হয়েছে সেটি বক্সের বাইরে। সে কারণে রেফারির এই সিদ্ধান্তটি ভুল বলেই দাবি করেন ফুটবল বিশেষজ্ঞ থেকে বেঙ্গালুরু এফসি শিবিরের সকলেই।
(ছবি- পার্থ জিন্দালের টুইটার)
|
অসন্তুষ্ট বেঙ্গালুরু এফসি কর্ণধার
এই সিদ্ধান্তটি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন পার্থ জিন্দাল। বেঙ্গালুরু এফসির পাশাপাশি আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের কর্ণধার। বিদেশের টি ২০ লিগেও তাঁর দল রয়েছে। পার্থ জিন্দাল ভাইরাল ছবিটি শেয়ার করে লিখেছেন, এটা পেনাল্টি? তাও আবার আইএসএলের ফাইনালে? আশা করি, এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে আগামী মরশুমে ভারতীয় ফুটবলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার চালু করার ঘোষণা করবেন। এটি সত্যিই এখন জরুরি হয়ে উঠেছে।
|
ভার চালুর দাবি
তিনি আরও একটি টুইটে লেখেন, দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে এই লিগে ভার চালু প্রয়োজন হয়ে পড়েছে। এই ধরনের সিদ্ধান্তে বড় ম্যাচগুলির ক্ষতি হচ্ছে। প্রভাব পড়ছে ম্যাচের ফলাফলে। আমি আমার দলের ফুটবলারদের জন্য গর্বিত। বেঙ্গালুরু এফসিকে বলতে চাই তোমরা ফাইনালে হারোনি। খারাপ লাগছে রেফারির 'শকিং' সিদ্ধান্তগুলি দেখে। বেঙ্গালুরু এফসি কোচও সরব হয়েছেন রেফারিংয়ের মান নিয়ে।

মিশ্র প্রতিক্রিয়া
বেঙ্গালুরু শিবির মনে করছে, একটি ন্যায্য পেনাল্টি থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে। তার উপর যেটা পেনাল্টিই ছিল না, সেটি এটিকে মোহনবাগানকে না দেওয়া হলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায় না। আবার পার্থ জিন্দালের দাবির সঙ্গে অনেক ফুটবলপ্রেমী সহমত নন। অনেকের দাবি, রেফারি যা করেছেন ঠিক করেছেন। কেরালা ব্লাস্টার্স এফসির ভক্তরা খোঁচা দিতে ছাড়েননি। সেখানে দ্রুত ফ্রি কিক নিয়েছিলেন সুনীল ছেত্রী। জয়সূচক গোল করেন। সেদিনও রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন কেরালা ব্লাস্টার্স। যদিও তাদের রি-ম্যাচের দাবি মানা হয়নি। সে কারণে অনেকে খোঁচা দিয়ে লিখেছেন, কেরালা ম্যাচের শাস্তি বেঙ্গালুরু এফসি ফাইনালে পেল। ঈশ্বর সুবিচার করলেন।












Click it and Unblock the Notifications