রোশনের বিশ্বমানের গোল! কেরালা ব্লাস্টার্স এফসিকে হারিয়ে আইএসএলের পয়েন্ট তালিকার চারে বেঙ্গালুরু এফসি
আইএসএলে ১০ ম্যাচ অপরাজেয় থাকার পর অবশেষে আজ পরাজয়ের সম্মুখীন হলো কেরালা ব্লাস্টার্স এফসি। ভাস্কোর তিলক ময়দানে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে রোশন নওরেমের করা একমাত্র গোলে তিন পয়েন্ট নিশ্চিত করল বেঙ্গালুরু এফসি। সেই সুবাদে সুনীল ছেত্রীর দল পয়েন্ট তালিকার চতুর্থ স্থানটি দখল করল।

কেরালা ব্লাস্টার্স এফসি শুরুটা খারাপ না করলেও ক্রমেই ম্যাচের রাশ নিতে থাকে বেঙ্গালুরু এফসি। তাদের রক্ষণও সম্প্রতি বেশ জমাট দেখাচ্ছে। ২০ মিনিটের মাথায় উদান্তা সিং সুনীল ছেত্রীকে লক্ষ্য করে বল বাড়ালে বেঙ্গালুরু এফসি অধিনায়ক দানিশ ফারুককে গোল করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। কিন্তু বেঙ্গালুরুর মিডফিল্ডার বল জালে জড়াতে পারেননি। মিনিট চারেক পরেই রোশন নওরেমের কর্নার থেকে হেডে গোল করার সুযোগ নষ্ট করেন প্রিন্স ইবারা। ৩৭ মিনিটেও একটি সুযোগ হাতছাড়া করে বেঙ্গালুরু। প্রতি আক্রমণে গিয়েও এরপর গোলমুখ খুলতে পারেনি কেরালা। বিরতিতে খেলার ফল ছিল গোলশূন্য।
.@bengalurufc edged out @KeralaBlasters in #KBFCBFC, courtesy Roshan Naorem's inch-perfect free-kick, which propelled the Blues into the 🔝4️⃣! 🤜🤛#HeroISL #LetsFootball #ISLRecap pic.twitter.com/bOAIoNs4pE
— Indian Super League (@IndSuperLeague) January 30, 2022
ম্যাচের ৫৬ মিনিটের মাথায় রোশন নওরেম অনবদ্য ফ্রি কিক থেকে জয়সূচক গোলটি করেন। ৬৯ মিনিটে নিজের পুরানো দলের বিরুদ্ধে গোল করে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন হরমনজ্যোৎ খাবরা। কিন্তু তাঁর প্রয়াস দারুণ দক্ষতায় রুখে দেন বেঙ্গালুরুর গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। ৮০ মিনিটে উদান্তার পাস থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেন ক্লেইটন সিলভা। তা না হলে সুনীলদের জয়ের ব্যবধান বাড়তে পারতো। এরপর শেষ অবধি গোল শোধের মরিয়া লড়াই চালালেও সফল হয়নি কেরালা ব্লাস্টার্স।

এই ম্যাচে হারলেও ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল কেরালা ব্লাস্টার্স এফসি। ১৪ ম্যাচে বেঙ্গালুরু এফসির পয়েন্টও ২০। তবে গোলপার্থক্যে এগিয়ে কেরালা। পাঁচে নেমে গেল এটিকে মোহনবাগান। ১১ ম্যাচে সবুজ মেরুনের রয়েছে ১৯ পয়েন্ট। ছয়ে মুম্বই সিটি এফসি, সাতে চেন্নাইয়িন এফসি, দুই দলেরই সংগ্রহে ১৮ পয়েন্ট করে।












Click it and Unblock the Notifications