ডুরান্ড কাপে তিন লাল কার্ড দেখা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু বেঙ্গালুরু এফসির
ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ২-০ গোলে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসি
জয় দিয়েই ডুরান্ড কাপের অভিযান শুরু করল বেঙ্গালুরু এফসি। আইএসএল প্রতিদ্বন্দ্বী কেরালা ব্লাস্টার্সকে বাগে পেয়ে রীতিমতো নাকানি-চোবানি খাইয়ে হারাল তারা। ২-০ গোলের ব্যবধানে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। তিনটি লাল কার্ড দেখেও আরও বেশি গোলের ব্যবধানে হার আটকে কিছুটা হলেও হাঁফ ছেড়ে বেঁচেছে কেরালা ব্লাস্টার্স।

বুধবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের সি গ্রুপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে বেঙ্গালুরু এফসি। তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্সের এটি দ্বিতীয় ম্যাচ। যেখানে প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করতে শুরু করে বেঙ্গালুরু। শুরু থেকেই কেরালা ব্লাস্টার্সের গোলমুখে তারা একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে। অন্যদিকে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও ফিরে আসতে হয় কেরালা ব্লাস্টার্সের ফুটবলারদের।
ম্যাচের ৩৩ এবং ৩৮ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়ে যায় বেঙ্গালুরু এফসি। দুটিই হাতছাড়া হয়। তবে প্রথমার্ধের একদম শেষ মুহুর্তে সুযোগের সদ্ব্যবহার করে ২০১৮-২০১৯ মরসুমের আইএসএল চ্যাম্পিয়নরা। গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন নামগিয়াল ভূটিয়া। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থেকে সাজঘরে ফেরে বেঙ্গালুরু এফসি।
দ্বিতীয়ার্ধে গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে কেরালা ব্লাস্টার্স। হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি দুই দলের মধ্যে রাফ অ্যান্ড টাফ ফুটবলও শুরু হয়। তাতে ক্ষতিগ্রস্ত হয় কেরালা ব্লাস্টার্স। একের পর এক জঘন্য ফাউল করে দ্বিতীয়ার্ধে তিনটি লাল কার্ড দেখে পরাজিত দল। ম্যাচের ৬৪ মিনিটে প্রথম লাল কার্ড দেখেন ব্লাস্টাসের আরভি হরমিপাম। পরপরই মাঠ ছাড়তে বাধ্য হন সন্দীপ সিং ও ধেনেচন্দ্রম। এতে ১১ জনের বেঙ্গালুরুকে ঠেকাতে আরও সমস্যার সম্মুধীন হয় আট জনের কেরালা।
এদিকে পরিস্থিতির ফায়দা তুলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আক্রমণে চাপ বাড়ায় বেঙ্গালুরু এফসি। বেশ কয়েকটি সহজ সুযোগ তারা হেলায় হাতছাড়া করে। তবে ৭১ মিনিটে পাওয়া সুযোগকে কাজে লাগাতে ভুল করেনি বেঙ্গালুরু এফসি। দলের হয়ে গোলের ব্যবধান বাড়ান লিও অগাস্টিন। এরপর সঠিক বোঝাপড়া হলে জয়ী দলের গোলের ব্যবধান আরও বাড়তে পারত। তবে শেষদিকে প্রবল চাপের মধ্যেই দারুণ দক্ষতায় দলের দুর্গ সামলে একাধিকবার নিশ্চিত পতন আটকে দেন কেরালা ব্লাস্টার্সের গোলরক্ষক ও ডিফেন্ডাররা। চলতি ডুরান্ড কাপে নিজেদের পরবর্তী ম্যাচ দিল্লি এফসি-র বিরুদ্ধে ১৮ সেপ্টেম্বর খেলতে বেঙ্গালুরু এফসি।












Click it and Unblock the Notifications