মোহনবাগানের নামের আগে এখনও এটিকে! বিতর্কের মুখে সাফাই দিল আইএফএ
১ জুন থেকে নাম বদল হয়ে গিয়েছে মোহনবাগানের। এটিকে অতীত। ঐতিহ্যবাহী মোহনবাগান নামের সঙ্গে জুড়ে গিয়েছে সুপার জায়ান্ট নাম। কিন্তু আইএফএ-র খাতায় এখনও রয়ে গিয়েছে এটিকের নাম।
সোমবার কলকাতা ফুটবল লিগের যে সূচি ঘোষণা করেছে আইএফএ, তাতে এখনও সবুজ-মেরুনের নাম রয়ে গিয়েছে এটিকে মোহনবাগান। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কের মুখে সাফাই দিল আইএফএ।

সূত্রের খবর, আইনগত ভাবে মোহনবাগানের নামের পরে এটিকে উঠে গিয়ে সুপার জায়ান্ট হয়েছে। কিন্তু আইএফএতে নাম পরিবর্তন এখনও হয়নি। সুতারকিন স্ট্রীটের অফিসে সবুজ মেরুনের নাম এটিকে মোহনবাগানই আছে। ফলে কলকাতা লিগের সূচিতে সেই নাম ব্যবহার করা হয়েছে। লিগ শুরুর আগে নাম পরিবর্তন করতে হবে গঙ্গাপাড়ের ক্লাবকে।

এবারের প্রিমিয়ার ডিভিশনে গ্রুপ এ-তে আছে এটিকে মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাব, সিএফসি, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি এফসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট এমএস, আর্মি রেড, ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও পাঠচক্র।

গ্রুপ বি-তে আছে ইমামি ইস্টবেঙ্গল, ভবানীপুুর ক্লাব, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস স্পোর্টিং, এরিয়ান ক্লাব, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, রেনবো এসি, উয়াড়ি এসি, খিদিরপুর এসসি, ক্যালকাটা কাস্টমস ক্লাব ও পশ্চিমবঙ্গ পুলিশ।
দীর্ঘদিন পর আবার ময়দানে ফিরবে ফুটবল। তিন বছর পর আবার মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান মাঠে ম্যাচ আয়োজনের চেষ্টা করছে আইএফএ। কয়েকটা ম্যাচ নৈশালকের আলোয় করারও চেষ্টা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে ২৫ জুন থেকে কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হবে।
ওবার কলকাতা লিগে দল নামাচ্ছে মোহনবাগান। তবে সিনিয়র টিম নয়, রিলায়েন্স লিগে খেলা যুব দলই এবার লিগ এবং ডুরান্ড কাপে খেলবে। সবুজ মেরুনের পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামী কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে আমাদের যুব দল অংশ নেবে। কিছু সিনিয়র ফুটবলারও খেলবে। ৪০ জন ফুটবলারের রেজিস্ট্রেশন হয়। এরফলে ভালো সাপ্লাই লাইন তৈরি হবে। লিগে এবং ডুরান্ডে খেলার ফলে যুব ফুটবলাররাও উৎসাহিত হবে।












Click it and Unblock the Notifications