লাগাতার দশ বার বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন, তিন ম্যাচ বাকি থাকতেই ইতিহাস গড়ে খেতাব ঢুকলো মিউনিখের ক্লাবে
লাগাতার দশ বার বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন, তিন ম্যাচ বাকি থাকতেই খেতাব ঢুকলো মিউনিখের ক্লাবে
তিন ম্যাচ বাকি থাকতেই বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হয়ে গেল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় স্থানে থাকা বুরুসিয়া ডর্টমুন্ডকে ঘরের মাঠে ৩-১ গোলে পরাজিত করে লাগাতার টানা দশ বার ইউরোপীয় ফুটবলের সেরা পাঁচ টুর্নামেন্টের মধ্যে অন্যতম বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হলেন ম্যানুয়েল নয়ার-থমাস মুলাররা।

এলিয়াঞ্জ এরিয়ান প্রথমার্ধে সার্জ গ্যানাব্রি এবং রবার্ট লেওয়ানডস্কির গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছেন বায়ার্ন মিউনিখ। এর ফলে প্রথমার্ধ শেষে বায়ার্নের পক্ষে লিড ছিল ২-০। তবে, দ্বিতীয়ার্ধে বায়ার্ন রক্ষণের ভুলে পেনাল্টি পায় ডর্টমুন্ড। পেনাল্টি স্পট থেকে হলুদ জার্সিধারীদের হয়ে একটি গোল শোধ করেন এমরি কান। এক গোল ফিরিয়ে দেওয়া ডর্টমুন্ড শীর্ষ স্থানে থাকা বার্য়ানের বিরুদ্ধে দ্বিতীয় গোল তুলে ম্যাচে সমতা ফিরিয়ে আনার চেষ্টা করলেও তাতে কোনও লাভ হয়নি। বরং ৮৩ মিনিটে টিনেজার জামাল মুসিয়ালার গোলে সব আশা শেষ হয়ে যায় ডর্টমুন্ডের।
ডর্টমুন্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে হিসেব পরিস্কার ছিল বার্য়ানের কাছে। ম্যাচ জেত এবং চ্যাম্পিয়ন হয়ে যাও। যে ফর্মে দল রয়েছে তাতে এই ম্যাচ থেকে দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের বিরুদ্ধে জয় পেতে কোনও সমস্যা হবে না এমনটা ধরেই নিয়েছিলেন হোম টিমের সাপোর্টাররা। এ দিন একটি সিটও ফাঁকা ছিল না গ্যালারিতে। সব টিকিট ম্যাচের দুই দিন আগেই বিক্রি হয়ে গিয়েছিল।

বায়ার্নের কোচ জুলিয়ান নাগলসম্যান এই সাফল্যের পর বলেছেন, "এই বছরটা অতটাও সহজ ছিল না, তাই আরও বেশি খুশি আমি আমরা চ্যাম্পিয়ন হতে পারায়।" এই ম্যাচে জয়ের ফলে ৩১ ম্যাচে বায়ার্ন মিউনিখের পয়েন্ট দাঁড়াল ৭৫। অপর দিকে, সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা বুরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৬৩। বুরুসিয়া যদি পরবর্তী তিনটি ম্যাচও জেতে তবুও তারা ছুঁতে পারবে না বায়ার্নকে কারণ শেষ তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট পেলেও ৭২ হবে তাদের পয়েন্ট। ফলে তিন পয়েন্টের ব্যবধানে ট্রফি জিতে নেয় বায়ার্ন।
চলতি মরসুমটা ভাল-মন্দ মিশিয়ে গিয়েছে বায়ার্নের। চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা ছিটকে গিয়েছে ভিয়ারিয়ালের বিরুদ্ধে হেরে। ফলে সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য প্রয়োজন ছিল এই জয়। বায়ার্নের অধিনায়ক ম্যানুয়েল নয়্যার বলেন, "ভিয়ারিয়ালের বিরুদ্ধে হেরে ছিটকে যাওয়ার পর আমাদের এই রকম একটা কিছুর প্রয়োজন ছিল। প্রত্যেকেই এটা চেয়েছি এবং এটাই আমাদের দলের বিশেষত্ব।" নতুন ইতিহাস গড়ে ১১টি বুন্দেশলিগার মেডেল অর্জন করা থমাস মুলার বলেছেন, "আমাদের বুক থেকে কিছু জিনিস নামিয়ে রাখতে পেরেছি আমরা, এখন ভাল লাগছে।" চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর যে বড় বোঝা বায়ার্ন ফুটবলারদের বুকে চেপেছিল সেটাই এদিন নেমে গেল বুন্দেশলিগা জয়ের সঙ্গে।












Click it and Unblock the Notifications