চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেন মেসি, এমবাপে! বায়ার্নের কাছে বিধ্বস্ত পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের বাধা এবারও টপকাতে পারল না পিএসজি। প্রথম লেগ ১ গোলে হারার পর দ্বিতীয় লেগে পিএসজি পরাস্ত ২ গোলে।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় পিএসজি-র। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেদের ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ। প্যারিসে প্রথম লেগ ১-০ ব্যবধানে জেতার পর মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন জিতল ২-০ গোলে। ফলে সবমিলিয়ে তিন গোলের ব্যবধানে জিতে তারা নিশ্চিত করল শেষ আট।

বুধবারের ম্যাচে শুরুটা খারাপ করেনি পিএসজি। প্রথমার্ধে ভালো ফুটবলই উপহার দিয়েছে। তবে সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেননি কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসি। প্রথমার্ধে খেলা ছিল গোলশূন্য। ম্যাচের ৬১ মিনিটের মাথায় বায়ার্নকে এগিয়ে দেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। ৮৯ মিনিটে ব্যবধান বাড়ান পরিবর্ত হিসেবে নামা সার্জ নাব্রি। যোগ্য দল হিসেবেই এই ম্যাচ জিতেছে বায়ার্ন। গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে থাকায় নেইমারকে পায়নি পিএসজি। প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেন নেইমার, এমবাপেও।
পরপর দুইবার পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিল। শেষ সাতবারের মধ্যে পঞ্চমবার। ম্যাচে চোট সমস্যাও বারবার ভুগিয়েছে পিএসজিকে। পাঁজরে চোট পেয়ে ৩৬ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন অধিনায়ক মার্কুইনহোস। তাঁর পরিবর্ত হিসেবে নেমেছিলেন নর্ডি মুকিয়েলে। তিনিও হাফ টাইমের পর আর খেলতে পারেননি। প্রথমার্ধে ভিতিনহার প্রয়াস পিএসজিকে এগিয়ে রাখতে পারতো। যদিও তা গোললাইন পেরোতে দেননি মাথেইস দ্য লিখট।
বায়ার্নের প্রথম গোলটি চুপো-মোটিং করে যান অরক্ষিত অবস্থায় থেকে। লিয়ন গোরেৎস্কার থেকে বল পেয়ে ফিনিশ করতে কোনও ভুল করেননি। সের্হিও রামোস পিএসজির হয়ে সমতা ফেরানোর ভালো সুযোগ পেয়েছিলেন। যদিও কাজের কাজ হয়নি। উল্টে নাব্রির গোলে জয়ের ব্যবধান বাড়ায় বায়ার্ন। তবে জিতেও বায়ার্নকে শাস্তির মুখে পড়তে হয়েছে। টিকিটের চড়া দামের অভিযোগে প্রতিবাদ জানিয়ে ব্যানার টাঙিয়েছিলেন জার্মানির ফুটবল দলটির সমর্থকরা। এই ধরনের ব্যানার প্রদর্শন উয়েফার নিয়ম লঙ্ঘন করেছে। সে কারণে বায়ার্নের ৪৪,৭৫০ ইউরো জরিমানা ধার্য করা হয়েছে। এ ছাড়া সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়াতেও জরিমানা হয় বায়ার্নের। সমর্থকরা রাস্তা আটকে আতসবাজি ফাটানোয় পিএসজির ৩৯,৫০০ ইউরো জরিমানা ধার্য করা হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর স্বভাবই হতাশ পিএসজি শিবির। কিলিয়ান এমবাপে এই ক্লাবে আর থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ফ্রান্সের তারকাকেই। যদিও এমবাপে বলে দেন, এ বিষয়ে তিনি এখন কিছুই বলবেন না। আপাতত পিএসজিকে লিগ ওয়ান খেতাব জেতানোই মূল লক্ষ্য। মরশুমের শেষে ভবিষ্যৎ নিয়ে তিনি তাঁর পরিকল্পনা খোলসা করবেন বলেও জানিয়েছেন এমবাপে। এদিন খেলা চলাকালীন মাঠের ভিতর ঢুকে লিওনেল মেসির কাছাকাছি পৌঁছে যান এক দর্শক। তাঁকে কোনওভাবে আটকান নিরাপত্তারক্ষীরা।












Click it and Unblock the Notifications