La Liga: ফের হার, কার্ডিজের বিরুদ্ধে ক্যাম্প ন্যূ-তে বিধ্বস্ত বার্সেলোনা
La Liga: ফের হার, কার্ডিজের বিরুদ্ধে ক্যাম্প ন্যূ-তে বিধ্বস্ত বার্সেলোনা
সময়টা একেবারেই ভাল যাচ্ছে না বার্সেলোনার। ঘরের মাঠে দুর্বল আইনট্রাখট ফ্রাঙ্কফুটের বিরুদ্ধে হেরে ইউরোপা লিগের সেমিফাইনাল থেকে বিদায়ের পর ঘরোয়া লিগের ম্যাচে পঁচা শামুকে পা কাটল বার্সার। ঘরের মাঠে সোমবার রাতে কার্ডিজের বিরুদ্ধে ০-১ গোলে পরাজিত হল বার্সেলোনা। ম্যাচের এক মাত্র গোলটি করেন লুকাস পেরেজ।

এই হারের সঙ্গেই খসে পড়ল ঘরোয়া লিগে বার্সেলোনার শেষ ১৫ ম্যাচে অপরাজেয় তকমা। স্পেনের শীর্ষ লিগে বার্সেলোনার ১৫ ম্যাচের অপরাজিত ছিল।
এ দিন প্রথমার্ধে বার্সেলোনার পারফরম্যান্স ছিল অত্যন্ত বিবর্ণ। এই সময়ে গোলের জন্য তারা সাতটি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে স্রেফ একটি। পুরো ম্যাচে ১৮ শটের মধ্যে ছয়টি শট লক্ষ্যে ছিল বার্সেলোনার। গোটা ম্যাচে ৭৫ শতাংশ বল পজিশন ছিল জাভির দলে। মাত্র ২৫ শতাংশ বল পজেশনে রাখা কার্ডিজ ছয়টি শটের মধ্যে চারটি শট লক্ষ্যে রাখেছিল। নিশ্চিত কয়েকটি সুযোগ না হারালে স্প্যানিশ জায়েন্টদের বিরুদ্ধে কার্ডিজের জয়ের ব্যবধান আরও বড় হতে পারত।
বল দখলের আধিপত্য থাকলেও শুরু থেকে পরিষ্কার সুযোগ তৈরি না করতে পারায় ভুগছিল বার্সেলোনা। বরং ম্যাচের ২৭ মিনিটে বড় বিপদ থেকে রক্ষা পায় তারা। সতীর্থের ঠিকানা লেখা পাস ছয় গজ বক্সের মুখে ফাঁকায় পেয়ে বাইরে মারেন কার্ডিজের পেরেজ, নষ্ট হয় সুবর্ণ সুযোগ। ৩৯ মিনিটে দুই জনকে কাটিয়ে ডি-বক্সের ভেতর থেকে উসমান দেম্বেলের নেওয়া শট ঠেকান কার্ডিজের গোলরক্ষক। প্রথমার্ধে লক্ষ্যে বার্সেলোনার একমাত্র শট এটিই।

৪৮ মিনিটে আয়োজকদের স্তব্ধ করে এগিয়ে যায় সফরকারীরা। সালভির ক্রসে কাছ থেকে রুবেন সবরিনোর হেড ফিস্ট করে বিপদ মুক্ত করেন বার্সেলোনার টের স্টেগান। কার্ডিজ ফরোয়ার্ডের পরের প্রচেষ্টাও প্রতিহত করেন তিনি, কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বল মাটিতে ড্রপ খাওয়ার আগেই ফিরতি বল জালে পাঠান পেরেজ। ৭৬ মিনিটে ভাল পজিশনে বল পেয়ে বাইরে মেরে সুযোগ হারান কার্ডিজের অ্যালেক্স।
এর কিছু পরেই প্রতিআক্রমণে আরও একটি গোলের সুযোগ তৈরি করেছিল কার্ডিজ কিন্তু ব্যবধান তারা বাড়াতে পারেনি সেই সুযোগের সঠিক ব্যবহার করতে না পারায়। ডি-বক্সের ভেতর থেকে সবরিনোর শট শূন্যে লাফিয়ে কোনও ক্রমে ক্রসবারের ওপর দিয়ে পাঠান টের স্টেগান।
ম্যাচে সমতা ফিরেয়ে হার আটকানোর সুযোগ শেষ মুহূর্ত পর্যন্ত এসেছিল বার্সেলোনার কাছে। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সুযোগ আসে বার্সার স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের সামনে। গ্যাবনের এই ফরওয়ার্ডের ভলি ঠেকিয়ে জাল অক্ষত রাখেন কার্ডিজ গোলরক্ষক। তবে, যে মানের ফুটবলার এই প্রাক্তন আর্সেনাল তারকা তাতে এই গোলটি তাঁর থেকে প্রত্যাশা করেছিলেন সমর্থকেরা। যা করতে না পেরে শুধু সমর্থকদেরই হতাশ করেননি, ঠেকাতে পারেননি দলের পরাজয়।
এই ম্যাচে হারের ফলে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রইল বার্সেলোনা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যাথাক্রমে সেভিয়া এবং অ্যাতলেটিকো মাদ্রিদ। যদিও এই দুই দল একটি করে ম্যাচ বেশি খেলেছে।












Click it and Unblock the Notifications