লা লিগায় মেসিহীন বার্সেলোনার ড্রয়ের দিন প্রিমিয়ার লিগে ম্যান সিটির ৫ গোলের জয়
লা লিগায় বার্সেলোনার ড্রযের দিন প্রিমিয়ার লিগে পাঁচ গোল দিল ম্যাঞ্চেস্টার সিটি
লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল লিওনেল মেসিহীন বার্সেলোনাকে। একই দিনে প্রিমিয়ার লিগে পাঁচ গোলের দাপুটে জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি। যা গত ম্যাচের হারের যন্ত্রণা ভুলে কিছুটা এগোনোর অনুপ্রেরণা জোগাল পেপ গুয়ার্দিওলার দলকে। এখান থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নব উত্থান শুরু হয় কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে ফুটবল বিশ্ব।

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল বার্সেলোনা। শুরু থেকেই ম্যাচে প্রাধান্য কায়েম করার চেষ্টা করে রোনাল্ড কোম্যানের দল। বলের দখল নিজেদের কাছে রেখে এবং বেশি পাস খেলেও ম্যাচের প্রথমার্ধে কাঙ্খিত গোলটি আদায় করতে পারেনি বার্সা। তবে বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করে লিওনেল মেসির প্রাক্তন ক্লাব। প্রথমার্ধে গোল করার বেশ কয়েকটি মোক্ষম সুযোগ হাতছাড়া করে অ্যাথলেটিক ক্লাবও। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় ওই অর্ধ।
দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। বারবার আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার বিপদের মুখে ঠেলে দেয় বার্সেলোনা। অন্যদিকে প্রতি আক্রমণে উঠে বার্সাকে সমস্যায় ফেলে অ্যাথলিটক ক্লাব। তেমনই এক সংঘটিত প্রতি আক্রমণ থেকে গোলও পেয়ে যায় অ্যাথলেটিক ক্লাব। ৫০ মিনিটের মাথায় গোল করেন ইনিগো মার্তিনেজ। গোল শোধ দিতে মরিয়া হয়ে পড়া বার্সেলোনা বারবার আক্রমণে ওঠে। তবে গোলের দরজা খুলতে তারা বেশ খানিকটা সময় নিয়ে নেয়। ৭৫ মিনিটের মাথায় ম্যাচে সমতায় ফেরে বার্সা। গোল করেন মেমফিস ডিপে। ম্যাচে আর গোল করতে পারেনি কোনও দল। উল্টে একদম শেষ মুহুর্তে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বার্সার সমস্যা বাড়িয়ে দেন এরিক গার্সিয়া।
💙❤️ @FCBarcelona celebrating @Memphis' first #LaLigaSantander goal! 🦁⚽️#AthleticBarça pic.twitter.com/NdYY7ipAr8
— LaLiga English (@LaLigaEN) August 21, 2021
অন্যদিকে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়া ম্যাঞ্চেস্টার সিটি দ্বিতীয় ম্যাচে খোঁচা খাওয়া বাঘের মতোই ফিরে এল। নরউইচ সিটির বিরুদ্ধে গুরুত্নপূর্ণ ম্যাচে ৫-০ গোলে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের সাত মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিফেন্ডার টিম ক্রুলের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল ম্যান সিটি। ২২ ও ৬৪ মিনিটের মাথায় জয়ী দলের হয়ে দ্বিতীয় ও তৃতীয় গোল করেন যথাক্রমে জ্যাক গ্রেলিশ ও আইমেরিক লাপোর্তে। ৭১ ও ৮৪ মিনিটের মাথায় গোল করে ম্যান সিটির বড় জয় নিশ্চিত করেন রাহিম স্টারলিং ও রিয়াদ মাহারেজ। এই জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যান সিটি।
ওদিকে সিরি এ-র গুরুত্বপূর্ণ ম্যাচে জেনোয়াকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এম্পোলিকে ৩-১ গোলে হারিয়েছে লাজিও।












Click it and Unblock the Notifications