লা লিগা-র শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস মেসির বার্সেলোনার
টানটান পরিসমাপ্তি দিকেই এগোচ্ছে লা লিগার খেতাবি দৌড়। রিয়াল ভালাদলিদকে ম্যাচের শেষ লগ্নের গোলে হারিয়ে খেতাবি দৌড় জমিয়ে দিয়েছে বার্সেলোনা। লা লিগায় বার্সার এটি টানা ষষ্ঠ জয়।

আগাগোড়া আধিপত্য
ক্যাম্প ন্যূ-তে ভালাদলিদের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মেসিরা। বল দখলের লড়াইয়ে আগাগোড়া আধিপত্য বজায় রেখেই খেলে রোনাল্ড কোম্যানের দল। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও লিগ তালিকায় ১৬ নম্বরে থাকা দলের গোলমুখ খুলতে পারছিল না বার্সা। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে বার্সেলোনা।

দেম্বেলে নায়ক
ম্যাচের ৭৯ মিনিটে দেম্বেলেকে স্লাইডিং ট্যাকল করে বিপজ্জনকভাবে বাধা দিতে যাওয়ায় লাল কার্ড দেখেন ভালাদলিদের অস্কার প্লানো। বিপক্ষ দশজনের হয়ে যেতেই বার্সা চাপ বাড়ায়। অবশেষে ৯০ মিনিটে জয়সূচক গোলটি করেন সেই দেম্বেলেই। ডি জংয়ের ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়াতে চাইলেও সফল হননি বার্সার আরৌজো। তবে বল পেয়েই বাঁ পায়ের জোরালো ভলিতে গোল করে স্বস্তি এনে দেন দেম্বেলে।

আতলেতিকোর ঘাড়ে নিঃশ্বাস
এই জয়ের ফলে ২৯ ম্যাচে বার্সেলোনার পনেন্ট দাঁড়াল ৬৫। সমসংখ্যক ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে লিগশীর্ষে রয়েছে আতলেতিকো মাদ্রিদ। বার্সার চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এই পরিস্থিতিতে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল শনিবারের বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ। এল ক্লাসিকোর পরদিন আতলেতিকো খেলবে রিয়াল বেতিসের বিরুদ্ধে।

সব ম্যাচ জেতাই লক্ষ্য
বার্সা কোচ রোনাল্ড কোম্যান মেনে নিয়েছেন এদিন তাঁর দল চেনা ছন্দে খেলতে পারেনি। তার কারণ হিসেবে কিছুটা হলেও ইন্টারন্যাশনাল ব্রেক বা দেশের হয়ে খেলে বিভিন্ন ফুটবলারের ফেরাকে দায়ী করেছেন তিনি। যদিও কোম্যানের স্থির বিশ্বাস, বাকি ৯টি ম্যাচেই জেতার ক্ষমতা তাঁর দলের রয়েছে।












Click it and Unblock the Notifications