Ballon d'Or: লিওনেল মেসি ব্যালন ডি'অর দখলে নিলেন মারাদোনার জন্মদিনেই, অষ্টমবার পুরস্কার জয়ে কোন ইতিহাস?
Ballon d'Or: ব্যালন ডি'অর খেতাব যে লিওনেল মেসিই জিততে চলেছেন তা জানা গিয়েছিল কয়েকদিন আগেই। সেই জল্পনা সত্যি করে অষ্টমবারের জন্য এই পুরস্কার উঠল আর্জেন্তিনার অধিনায়ক মেসির হাতেই।
এবার এই পুরস্কার পাওয়ার দৌড়ে মেসির সঙ্গে দারুণভাবেই ছিলেন আরলিন হালান্ড ও কিলিয়ান এমবাপে। যদিও আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে মেসির অবদানই তাঁকে আরও একবার জেতাল ব্যালন ডি'অর (Ballon d'Or)।

সবচেয়ে বেশি বয়সে ব্যালন ডি'অর খেতাব জেতার নিরিখে মেসি আপাতত দ্বিতীয় স্থানে। পিছনে ফেললেন গতবারের খেতাবজয়ী করিম বেঞ্জেমাকে। ১৯৫৬ সালে ৪১ বছর বয়সে এই পুরস্কার উঠেছিল স্ট্যানলি ম্যাথিউজের হাতে। মেসির বয়স এখন ৩৬ বছর ৪ মাস। আমেরিকার মেজর লিগ সকারের প্রথম ফুটবলার হিসেবে তিনি এবার এই পুরস্কার জিতে ইতিহাস গড়লেন।
Ocho veces ganador, un solo nombre: MESSI ⭐️ #LION8LdOr pic.twitter.com/JE26Myx4Q8
— Inter Miami CF (@InterMiamiCF) October 30, 2023
মেসির হাতে পুরস্কার তুলে দিলেন ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম। গত মরশুমে ৫২টি গোল করা হালান্ড ম্যানচেস্টার সিটিকে ত্রিমুকুট জেতানোর পিছনে অবদান রাখেন। তিনি পেলেন গার্ড মুলার ট্রফি। বার্সেলোনা তথা স্পেন দলের আইতানা বোনমাতি মহিলা ফুটবলারদের জন্য রাখা ব্যালন ডি'অর (Ballon d'Or Féminin) জেতেন।
Sweet dreams, we will see you next year... but it's not over yet! #ballondor pic.twitter.com/wFiZpOp94Y
— Ballon d'Or #ballondor (@ballondor) October 30, 2023
দিয়েগো মারাদোনার জন্মদিনেই এবার এই পুরস্কার পেয়ে তা পূর্বসূরী কিংবদন্তিকেই উৎসর্গ করেছেন লিও। বলেন, আমি ভাবিনি আমার ফুটবল কেরিয়ার এভাবে এগিয়ে যাবে, প্রাপ্তির তালিকায় থাকবে এত কিছু। আমি বিশ্বের সেরা দলগুলির হয়ে খেলার সুযোগ পেয়েছি। এই ধরনের ব্যক্তিগত ট্রফি জিতেও ভালোই লাগে।

মেসির কথায়, কোপা আমেরিকা জেতার পর বিশ্বকাপ জয় দারুণ ব্যাপার। আমার কাছে প্রতিটি ব্যালন ডি'অর খেতাব স্পেশ্যাল, আলাদা আলাদা কারণের জন্য। মেসির আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ জিতলেন সেরা গোলকিপারের জন্য রাখা ইয়াশিন ট্রফি। সেরা অনূর্ধ্ব ২১ ফুটবলারের কোপা ট্রফি উঠেছে ইংল্যান্ড তথা রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যামের হাতে।
Quin moment! 😍 pic.twitter.com/dvneZi6l8M
— FC Barcelona Femení (@FCBfemeni) October 30, 2023
২০০৯ সালে মেসি প্রথম জিতেছিলেন ব্যালন ডি'অর খেতাব। এরপর তিনি এই পুরস্কার পান ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালে। বিশ্বের আর কোনও ফুটবলার এতবার এই খেতাব জেতেননি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জিতেছেন পাঁচবার। মিশেল প্লাতিনি, ইওহান ক্রুয়েফ ও মার্কো ভান বাস্তেন জিতেছেন তিনবার করে।
মেসি প্রথম ৬টি ব্যালন ডি'অর জেতেন বার্সেলোনায় খেলার সময়। সপ্তমবার এই খেতাব যখন তিনি জেতেন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অবদান রেখে, তার কিছুদিন আগেই তিনি বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন। গত মরশুমে পিএসজির হয়ে ৪১ ম্যাচে মেসি ২১টি গোল করেন। লিগ ওয়ান খেতাব দখলে রাখে পিএসজি।
পিএসজি ছেড়ে মেসি এখন আমেরিকার ইন্টার মায়ামিতে। ১৪ ম্যাচে ১১টি গোল করেছেন। মেসি-ম্যাজিকে ভর করেই প্রথমবার লিগস কাপ জিতেছে ইন্টার মায়ামি।












Click it and Unblock the Notifications