এএফসি কাপের প্লে অফ ম্যাচ কবে খেলবে এটিকে মোহনবাগান জেনে নিন
আইএসএল ও আই লিগে চ্যাম্পিয়ন দল যথাক্রমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপের অভিযান শুরু করবে আগামী বছর। এএফসি কাপের প্লে অফ খেলতে দেখা যাবে এটিকে মোহনবাগান। এএফসি এগজিকিউটিভ কমিটির বৈঠকে চূড়ান্ত হল সেই ম্যাচগুলির দিনক্ষণ।

চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি
আইএসএলে গত মরশুমে এটিকে মোহনবাগানকে টেক্কা দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি। আইএসএল লিগ উইনার্স শিল্ড জয়ের পাশাপাশি আইএসএল খেতাব জেতে সের্হিও লোবেরার দল। ভারতের প্রথম ক্লাব হিসেবে চলতি বছর এফসি গোয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ম্য়াচ খেলেছিল। ভারতের দ্বিতীয় ক্লাব হিসেবে আগামী বছর সেই নজির স্পর্শ করতে চলেছে মুম্বই সিটি। ওয়েস্ট রিজিওন বা পশ্চিমাঞ্চলের দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি মুম্বই সিটি খেলবে আগামী বছর মে মাসের ১০ থেকে ২৬ তারিখ অবধি সেন্ট্রালাইজড বা নির্দিষ্ট জায়গায়। পূর্বাঞ্চলের ম্যাচগুলি অবশ্য হবে ১৫ এপ্রিল থেকে ১ মে অবধি।

এএফসি কাপে গোকুলম
২০২০-২১ মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয় গোকুলম কেরালা। এর সুবাদে কেরলের দলটি সরাসরি ২০২২ সালের এএফসি কাপের গ্রুপ পর্যায়ে খেলবে। দক্ষিণ এশিয়ার জোনে ২০২১ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ী দলের সঙ্গে গত মরশুমে মালদ্বীপের ধিবেহি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মাজিয়া এস অ্যান্ড আরসি-র সঙ্গে রয়েছে গোকুলম। দক্ষিণ এশিয়া জোনের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি খেলাও হবে নির্দিষ্ট একটি শহরেই। মে মাসের ১৮ থেকে ২৪ তারিখের মধ্যে হবে খেলাগুলি।

এটিকে মোহনবাগানের অভিযান
আইএসএলে রানার-আপ হয়েছিল এটিকে মোহনবাগান। সবুজ মেরুনকে তাই খেলতে হবে এএফসি কাপের প্লে অফ ম্যাচ। সেই খেলাটি হবে আগামী বছরের ১৯ এপ্রিল। এ ছাড়া ভারতে মহিলাদের এএফসি এশিয়ান কাপ হবে আগামী বছর ২০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি অবধি। তার যোগ্যতা অর্জনের খেলাগুলি হওয়ার কথা ১৩ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে। যদিও সেই সূচিতে বদল হওয়ার ইঙ্গিত মিলেছে। করোনা পরিস্থিতিতে কোথায় ম্যাচগুলি আয়োজন করা হবে, সেই দেশে যাতায়াতের বিধিনিষেধ, কোয়ারান্টিন-সহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের স্বাস্থ্য ও সুরক্ষা সুনিশ্চিত করে তবেই নতুন দিনক্ষণ জানাবে এএফসি।












Click it and Unblock the Notifications