ভাসলেও কূলে ভিড়ল না তরী, আইএসএল জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল এটিকে মোহনবাগানের
ভাসলেও কূলে ভিড়ল না তরী, আইএসএল জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল এটিকে মোহনবাগানের
চলতি আইএসএল-এ শেষ হয়ে গেল এটিকে মোহনবাগানের সফর। বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে জিতলেও এগ্রিগেডে মাণ্ডবীর জলে বিসর্জন গেল এটিকে মোহনবাগানের লক্ষ লক্ষ সমর্থকের ট্রফি জয়ের স্বপ্ন।

দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে গিয়েও হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে ৩-১ গোলে হারতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। ওই ম্যাচে দুই গোলের ব্যবধানে হারের ফলে বুধবারের দ্বিতীয় লেগের ম্যাচে ন্যূনতম ২-০ গোলে জিততে হত সবুজ-মেরুন ব্রিগেড'কে। কিন্তু তরী ভাসলেও তা তীরে ভিড়ল না। যার ফলে ম্যাচ ১-০ জিতলেও খেতাব জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল সবুজ-মেরুন কোচ, ফুটবলার এবং সদস্য-সমর্থকদের। এই ম্যাচে এটিকে মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন ফিজির জাতীয় দলের অধিনায়ক রয় কৃষ্ণ। ৭৯ মিনিটে গোলটি আসে তাঁর পা থেকে।
ফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য এই ম্যাচে জয়ের জন্য শুরু থেকে ঝাঁপিয়েছিল জুয়ান ফেরান্দোর ছেলেরা। প্রথম মিনিট থেকেই ঝড়ের গতিতে আক্রমণ চালায় এটিকে মোহনবাগান। কিন্তু হায়দরাবাদের গোলরক্ষক লক্ষ্ণীকান্ত কাট্টিমানির বিশ্বস্ত হাতের সামনে থমকে যেতে হয় হায়দরাবাদ এফসিকে। নিজাম শহরের দলের বিরুদ্ধে মুহূর্মুহু আক্রমণ উঠে এলেও গোল দূর্গে কোনও রকম আঘাত আসতে দেননি লক্ষ্মীকান্ত। দুই অর্ধের লক্ষ্ণীকান্তের দুর্দান্ত গোল সেভিং এপোর্টের সাক্ষী থাকেন ফুটবলপ্রেমী মানুষেরা। মোট ছয়টি সেভ এ দিন করেন লক্ষ্ণীকান্ত। যার মধ্যে পাঁচটিই তিনি সেভ দেন বক্সের মধ্যে থেকে।
গোটা ম্যাচে মোহনবাগানের দখলে বলের নিয়ন্ত্রণ ছিল ৬৩ শতাংশ। গোল লক্ষ্য করে সবুজ-মেরুন জার্সিধারীরা শট নিয়েছিল ২৮টি। যার মধ্যে ৮টি শট লক্ষ্যে ছিল। এ দিন দু'টি গোল করার অনবদ্য সুযোগ নষ্ট করেন এটিকে এমবি। একটি শট পোস্টে লেগে ফিরে আসে। মোট ১৩টি কর্নার গোটা ম্যাচে পেয়েছিল এটিকে মোহনবাগান। ম্যাচের ৭৯ মিনিটে লিস্টন কোলাসোর পাস থেকে গোল করে যান রয় কৃষ্ণ।
ডার্বি ম্যাচে হ্যাটট্রিক করে নায়ক বনে যাওয়া কিয়ান নাসিরিকে এই ম্যাচে শুরু থেকে মাঠে নামিয়ে ছিল এটিকে মোহনবাগান কিন্তু প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি কিংবদন্তি জামশেদ নাসিরির সুযোগ্য পুত্র। ২০ মার্চ আইএসএল-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসি।












Click it and Unblock the Notifications