AFC Cup: এটিকে মোহনবাগানের স্বপ্নের দৌড়ে দুরন্ত লিস্টন, এগিয়ে থেকেও কৃষ্ণ-বুমোসে পরাস্ত মাজিয়া

এএফসি কাপে স্বপ্নের দৌড় অব্যাহত রাখল এটিকে মোহনবাগান। গ্রুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচে মাজিয়া এস অ্যান্ড আরসি-র বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল হাবাসের দল। প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারানোর পর আজ মাজিয়ার বিরুদ্ধে জয় ৩-১ গোলে। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দুরন্ত কামব্যাক করে সবুজ-মেরুন। একটি করে গোল করলেন লিস্টন কোলাসো, রয় কৃষ্ণ ও মনবীর সিং।

প্রথমার্ধে এগিয়ে মাজিয়া

ম্যাচের ২৫ মিনিটে করা ইব্রাহিম এইসামের গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল মাজিয়া। ডেভিড উইলিয়ামসের খারাপ ফ্রি কিক থেকে বল পেয়ে কাউন্টার অ্যাটাকে উঠে এসে গোল পায় মাজিয়া। ডান প্রান্ত ধরে ছুটে আসা কর্নেলিয়াস স্টুয়ার্টের ক্রস ধরে বল জালে জড়ান ইব্রাহিম। বল দখলের লড়াইয়ে মাজিয়াই এগিয়ে ছিল। দুই দলের সামনেই গোলের সুযোগ এসেছিল। ৩২ মিনিটে লিস্টন কোলাসোর ফ্রি কিক রুখে দেন মাজিয়া গোলকিপার। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে সবুজ ব্রিগেডের বিরুদ্ধে সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিল সবুজ-মেরুন বাহিনী।

বাগানে ফুল ফোটাল তিন গোল

দ্বিতীয়ার্ধে কোচ আন্তোনিও লোপেজ হাবাসের কয়েকটি ট্যাকটিক্যাল পরিবর্তনই খেলার রং বদলে দিল। সুমিত রাঠির জায়গায় আশুতোষ মেহতাকে নামানো হয় দ্বিতীয়ার্ধের শুরুতেই। সেই আশুতোষেরই ক্রসে মাথা ছুঁইয়ে ৪৮ মিনিটের মাথায় সমতা ফেরান লিস্টন কোলাসো। ৬২ মিনিটে ডেভিড উইলিয়ামসে তুলে হুগো বুমোসকে নামান এটিকে মোহনবাগানের কোচ। এরপরই মোহনবাগানের দ্বিতীয় গোল, ম্যাচের ৬৩ মিনিটে। হুগো বুমোসের তৈরি করে দেওয়া বল ধরে একা গোলকিপারকে পেয়ে শট নেন লিস্টন। গোলকিপার তা রুখে দিলেও ফিরতি বল ধরে জালে জড়ান রয় কৃষ্ণ। ৭৭ মিনিটে ব্যবধান বাড়ান মনবীর। এই গোলের পিছনেও রয়েছে হুগো বুমোসের ভূমিকা। মাজিয়ার রক্ষণ চিঁড়ে মনবীরকে বল বাড়ান বাগানের নবাগত বিদেশি, গোল করতে কোনও ভুল করেননি ভারতীয় দলের অভিজ্ঞ ফরওয়ার্ড। এরপর মাজিয়া মরিয়া লড়াই চালিয়েও অমরিন্দরকে পরাস্ত করে পারেনি।

নক আউটের সমীকরণ

ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন রয় কৃষ্ণ। হুগো বুমোসের খেলা এদিন মন জয় করেছে এটিকে মোহনবাগান ভক্তদের। সবুজ মেরুন জার্সিতে অভিষেক ম্যাচে গোল পেয়ে তৃপ্ত লিস্টনও। মঙ্গলবার এটিকে মোহনবাগানের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। আজ বসুন্ধরা ও বেঙ্গালুরু এফসি-র ম্যাচ গোলশূন্যভাবে শেষ হওয়ায় গ্রুপ ডি-র পয়েন্ট তালিকার শীর্ষে রইল এটিকে মোহনবাগান। টানা দুটি ম্যাচে জয়ের সুবাদে হাবাসের দলের পয়েন্ট ৬। বাংলাদেশের বসুন্ধরার ৪। মালদ্বীপের মাজিয়া দুটি ম্যাচে হেরে এবং বেঙ্গালুরু এফসি এটিকে মোহনবাগানের কাছে হেরে ও আজ ড্র করে নক আউট পর্বের দৌড় থেকে ছিটকে গেল। নক আউট পর্বের দিকে সবুজ মেরুন এক পা বাড়িয়ে রাখল। শেষ ম্যাচ কোনওভাবেই হারা চলবে না। ড্র করলেই হাবাসের দল পৌঁছে যাবে এএফসি কাপের নক আউটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+