রয় কৃষ্ণকে ছেড়ে দিতে পারে এটিকে মোহনবাগান, সবুজ-মেরুনের চোখ পিএসজির প্রাক্তনীর দিকে
রয় কৃষ্ণকে ছেড়ে দিতে পারে এটিকে মোহনাবাগন, সবুজ-মেরুনের চোখ পিএসজির প্রাক্তনীর দিকে
এটিকে মোহনবাগান অতীত হতে চলেছেন রয় কৃষ্ণ। রয় কৃষ্ণের প্রতি মোহ ভঙ্গ হয়েছে এটিকে মোহনবাগানের। অবাস্তব কিছু না ঘটলে আগামী মরসুম থেকে আর এটিকে মোহনবাগানের জার্সিতে দেখা যাবে না ফিজি'র এই ফুটবলারকে। ২০১৯ সালে ওয়েলিংটন ফনিক্স থেকে এটিকের চুক্তিপত্রে সই করে প্রথমবার আইএসএল খেলার জন্য ভারতে আসেন রয় কৃষ্ণ। তখন থেকেই এটিকের দলের অন্যতম ভরসা জায়গা হয়ে উঠেছেন রয় কৃষ্ণ।

মোট তিন মরসুম মিলিয়ে এটিকের জার্সিতে একের পর এক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও তাঁকে আর রাখতে চাইছে না এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্ট।
রয় কৃষ্ণের সঙ্গে চলতি বছরের মে মাস পর্যন্ত চুক্তি রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দলের। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে আর তা বাড়ানো হবে না রয়ের সঙ্গে এমনটাই খবর বিশ্বস্ত সূত্রে। রয়কে ছেড়ে দেওয়ার আগে তাঁর পরিবর্তনও খুঁজে ফেলেছেন এটিকে মোহনবাগানের রিক্রুটাররা। আগামী মরসুমের বার্থেলমিউ ওগবেচেকে সই করাতে চলেছে এটিকেএমবি। প্রস্তাব ইতিমধ্যেই চলে গিয়েছে পিএসজি'র এই প্রাক্তন ফরওয়ার্ডের কাছে। চলতি আইএসএল-এর সর্বোচ্চ গোলদাতার দৌড়ে শীর্ষে থাকা ওগবেচেও রাজি হয়েছেন এটিকে মোহনবাগানের অফারে।
এই মুহূর্তে হায়দরাবাদ এফসি'র সঙ্গে চুক্তিবদ্ধ ওগবেচে। চলতি বছরের ৩১ মে হায়দরাবাদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নাইজেরীয় ফরওয়ার্ডের। তার কিছু দিন পরই সরকারী ভাবে সবুজ-মেরুনের চুক্তিপত্রে সই করে দিতে পারবেন তিনি। সেক্ষেত্রে চলতি আইএসএল-এর সর্বোচ্চ গোলদাতাকে পেতে এক পয়সা ট্রান্সফার ফিও গুণতে হবে না সবুজ-মেরুনকে।
এখনও পর্যন্ত চলতি আইএসএল-এ ১৭টি গোল করেছেন নাইজেরিয়ার জাতীয় দলের প্রাক্তন ফরওয়ার্ড। একটি অ্যাসিস্টও করেছেন তিনি। ফ্রি ট্রান্সফারে আইএসএল খেলতে প্রথমবার ওগবেচে ভারতে পা রাখেন ২০১৮ সালে। নর্থ ইস্ট থেকে ২০১৯ সালে তিনি যোগ দেন কেরল ব্লাস্টার্সে। ২০২০ সালে কেরল ব্লাস্টার্সের থেকে লোন ডিলে তাঁকে সই করায় মুম্বই সিটি এফসি। মরসুম শেষে তিনি ফিরে যান কেরলেই। কিন্তু বয়স বেশি হওয়ায় তাঁকে ধরে রাখেনি কেরল।
কেরল চুক্তি না বাড়ানোয় ফ্রি এজেন্ট হিসেবে ওগবেচেকে তুলে নিয়ে চমক দেয় হায়দরাবাদ এফসি। আইএসএল-এর ইতিহাসে ওগবেচের গোল সংখ্যা ৫১। ১২ মার্চ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি। সেই ম্যাচে ওগবেচের পারফরম্যান্সের উপর নজর থাকবে দুই দলের টিম ম্যানেজমেন্টেরই।












Click it and Unblock the Notifications