মুম্বইয়ের বিরুদ্ধে আইএসএল ফাইনালে সর্বস্ব উজাড় করার প্রতিশ্রুতি সবুজ-মেরুনের
মুম্বইয়ের বিরুদ্ধে আইএসএল ফাইনালে সর্বস্ব উজাড় করার প্রতিশ্রুতি সবুজ-মেরুনের
আবির্ভাবেই আইএসএল ফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করেছে এটিকে মোহনবাগান। তাদের প্রতিপক্ষ চলতি টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল মুম্বই সিটি এফসি। লিগ পর্বে যাদের কাছে দুই বারের সাক্ষাতেই পর্যুদস্ত হয়ে হয়েছিল আন্টোনিও লোপেজ হাবাসের দলকে। শনিবারের ফাইনালেও কী সবুজ-মেরুনের একই অবস্থা হবে, নাকি এবার অন্তত ঘুরে দাঁড়াবে দল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ফুটবল মহলে। মুখ খুলেছেন নিন্দুকেরাও। যাদের থামিয়ে এই ম্যাচে নিজেদের সর্বস্ব উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা।

অতীত নিয়ে ভাবছে না দল
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হাই-ভোল্টেজ আইএসএল ফাইনাল খেলতে নামার আগে অতীত নিয়ে ভাবছে না এটিকে মোহনবাগান। দুটি লিগের ম্যাচের হার ভুলে শনিবার তাঁরা অন্য খেলা খেলবেন বলে হুংকার ছেড়েছেন সবুজ-মেরুনের হৃদপীণ্ড রয় কৃষ্ণ থেকে ডেভিড উইলিয়ামস।

আত্মবিশ্বাসী সবুজ-মেরুন
চলতি আইএসএলের লিগ পর্বে ২০ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট অর্জন করেছে এটিকে মোহনবাগান। সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়েছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। সেই জয় তাঁদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন সবুজ-মেরুন ফুটবলাররা। কোনও কিছু হারানোর সম্ভাবনা না থাকায় ট্রফি জয়ের জন্য তাঁরা মরিয়া হয়ে ঝাঁপাবেন বলে জানিয়েছেন ডেভিড উইলিয়ামসরা।

ম্যাচ হাড্ডাহাড্ডি হবে
আইএসএল ফাইনালে নামার আগে প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি-কে সমীহই করছে এটিকে মোহনবাগান। তাদের কথায়, মুম্বই যথেষ্ট শক্তিশালী দল। এবারই তারা প্রথমবার ফাইনাল খেলছে। ফলে সার্জিও লোবেরার দলও যে এই ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেবে, তা ভাল মতোই জানে সবুজ-মেরুন। তাদের মতে, লড়াই হাড্ডাহাড্ডি হবে।

ভুলগুলো আর নয়
ছোটখাটো ভুলের জন্য চলতি আইএসএলের লিগ পর্বে মুম্বইয়ের বিরুদ্ধে দুটি ম্যাচেই হারতে হয়েছিল এটিকে-মোহনবাগান। একই ভুল ফাইনালে করতে চান না সবুজ-মেরুন ফুটবলাররা। কোচের তৈরি করা পরিকল্পনা অনুযায়ী খেলে কোটি কোটি সমর্থকদের মুখে হাসি ফোটানোই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন এটিকে মোহনবাগানের যোদ্ধারা।












Click it and Unblock the Notifications