AFC Cup: জোনাল সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান
এএফসি কাপে জোনাল সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান
এএফসি কাপের জোনাল সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ৫-২ ব্যবধানে হারিয়ে জোনাল সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল এটিকেএমবি। প্রথম ম্যাচে ২-১ ব্যবধানে গোকুলাম কেরলের বিরুদ্ধে বসুন্ধরা কিংস জয় তুলে নেওয়ার ফলে এই ম্যাচে জিতলেই পরবর্তী রাউন্ড ফাইনাল হয়ে যেত এটিকে এমবির। সেটিই করে দেখাল জুয়ান ফেরান্দোর দল।

এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যেতে হলে এই ম্যাচে এটিকে মোহনবাগানকে যেমন জিততেই হত, তেমনই হারতে হত গোকুলাম কেরলকে। কারণ গোকুলাম যদি কোনও ভাবে জিতে যেত তা হলে জিতলেও কোনও লাভ হতো না এটিকে মোহনবাগানের কারণ হেড টু হেডের বিচারে কেরলের কাছে হারার ফলে এটিকে মোহনবাগান গ্রুপ পর্যায় থেকে ছিটকে যেত। সেখানে প্রথম ম্যাচের ফলাফল যায় এটিকে মোহনবাগানের পক্ষে। বসুন্ধরা কিংস পরাজিত করে আই লিগ জয়ী কেরলের দলকে। যার ফলে জেতার তাগিদ নিয়ে শুরু থেকে ঝাঁপিয়ে ছিল জুয়ান ফেরান্দোর ছেলেরা।

এ দিন ম্যাচে ২৬ মিনিটে এটিকে মোহনবাগানের হয়ে প্রথম গোলটি করেন জনি কাউকো। এই গোলের ১১ মিনিটের মধ্যে দ্বিতীয় গোলটি করেন তিনি। ২-০ গোলে এগিয়ে যাওয়া এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মাজিয়ার হয়ে ব্যবধান কমান টানা। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে রয় কৃষ্ণ গোল করে এটিকে মোহনবাগানের পক্ষে লিড ডবল করেন। দু'মিনিটের মধ্যে চতুর্থ গোলটি করেন শুভাশিস বসু ৫৮ মিনিটে। ৭১ মিনিটে কার্ল ম্যাকহিউ পঞ্চম গোলটি করেন এটিকে মোহনবাগানের হয়ে। ৭৩ মিনিটে টানা আরও একটি গোল মাজিয়ার হয়ে করলেও কোনও লাভ হয়নি মলদ্বীপের দলটির। শেষ পর্যন্ত এটিকে মোহনবাগানের পক্ষে ৫-২ গোলেই শেষ হয় ম্যাচ।












Click it and Unblock the Notifications