বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে এএফসি কাপের অভিযান শুরু এটিকে মোহনবাগানের

এএফসি কাপের প্রথম গ্রুপ ম্যাচে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে দিল এটিকে মোহনবাগান।

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে এএফসি কাপের অভিযান শুরু করল এটিকে মোহনবাগান। টুর্নামেন্টের ডি গ্রুপের প্রথম ম্যাচে সুনীল ছেত্রীদের ২-০ গোলে হারিয়ে দিয়েছে কলকাতার ক্লাব। গোল দুটি করেছেন রয় কৃষ্ণ ও শুভাশিস বোস। অন্যদিকে একাধিক গোলের সুযোগ নষ্টের খেসারত দিয়ে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয়েছে ব্যাঙ্গালোরের ফুটবল দলকে।

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে এএফসি কাপের অভিযান শুরু এটিকে মোহনবাগানের

করোনা ভাইরাসের জেরে কয়েক মাস দেরিতে শুরু হওয়া এএফসি কাপের ডি গ্রুপের প্রথম ম্যাচে মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে পরিচিত ৩-৫-২ ছকে দল সাজিয়ে রয় কৃষ্ণদের মাঠে নামিয়েছিলেন এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। সেই মতো ম্যাচের প্রথম থেকেই প্রতি আক্রমণ নির্ভর রণনীতিতে এগোতে থাকে সবুজ-মেরুন। অন্যদিকে বেঙ্গালুরু এফসি ৪-৩-২-১ ছকে মাঠে নেমে পরিচিত গতিশীল ফুটবলেই ভরসা রাখে। ফলে আক্রমণ এবং প্রতি আক্রমণে শুরুর মুহুর্ত থেকেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়।

ম্যাচের প্রথমার্ধে ৩৬ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখতে সক্ষম হয় এটিকে মোহনবাগান। তবু ম্যাচ জেতার জন্য গুরুত্বপূর্ণ প্রথম গোলটি পেয়ে যায় কলকাতার ক্লাব। ৩৯ মিনিটের মাথায় শুভাশিস বোসের হেডে উড়ে আসা গোলমুখী বল জালে জড়াতে ভুল করেননি রয় কৃষ্ণ। ওই অর্ধে আরও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করে হাবাসের দল। কয়েকটি ক্ষেত্রে বেঙ্গালুরুর গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু দলের নিশ্চিত পতন রুখে দেন। অন্যদিকে প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন সুনীল ছেত্রীরাও। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ে কলকাতার ক্লাব।

প্রথমার্ধে ঠিক যেখানে শেষ হয়েছিল মোকাবিলা, সেখান থেকেই দ্বিতীয়ার্ধের লড়াই শুরু হবে বলে আশা করেছিলেন ফুটবল প্রেমীরা। কিন্তু ওই অর্ধের একদম শুরুর মিনিটে চকিত আক্রমণে গোল করে বেঙ্গালুরু এফসি-র সব পরিকল্পনা ভেস্তে দেয় এটিকে মোহনবাগান। ডেভিড উইলিয়ামসের সহয়তায় দলের জন্য দুই গোলের ব্যবধান অর্জন করেন শুভাশিস বোস। জন্মদিনে গোল করে এবং করিয়ে রাতারাতি নায়ক বনে গেলেন ২৬ বছরের লেফট ব্যাক। তবে ম্যাচের সেরা পুরস্কার দেওয়া হয়েছে রয় কৃষ্ণকে। নিজের পায়ের দক্ষতায় আরও একবার ফুটবল প্রেমীদের আপ্লুত করেছেন ফিজি ফুটবল দলের অধিনায়ক।

গোল শোধ দিতে মরিয়া বেঙ্গালুরু এফসি একাধিকবার আক্রমণে উঠে গোলের সুযোগ তৈরিও করে ফেলে। কিন্তু তৎপর ছিলেন গোলরক্ষক অমরিন্দর সিং। প্রীতম কোটাল, কার্ল ম্যাকহুগ এবং সুমিত রাথি সম্বৃদ্ধ সবুজ-মেরুন ডিফেন্সকে স্বচ্ছলই মনে হয়েছে। মাঝমাঠে দলকে ভরসা জুগিয়েছেন লেনি রডরিগেসরা। অন্যদিকে উইং ধরে গতি বাড়িয়ে বারবার প্রতিপক্ষের ডি বক্সের বিপজ্জনক জায়গায় ঢুকে এটিকে মোহনবাগানের হয়ে একাধিক গোলের সুযোগ তৈরি করেন মনবীর সিং। তাতেও তৃতীয় গোলটি আদায় করতে পারেনি কলকাতার ক্লাব।

দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন করেন এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। মিডফিল্ডার হুগো বৌমৌসের পরিবর্তে নামেন বিদ্যানন্দ সিং। স্ট্রাইকার ডেভিড উইলিয়ামসের পরিবর্তে মাঠে নামেন গত আইএসএলে হায়দরাবাদ এফসির হয়ে নজর কাড়া লিস্টন কোলাসো। সবুজ-মেরুন জার্সি গায়ে প্রথমবার মাঠে নামলেও সময়ের অভাবে সেভাবে দাগ কাটতে পারেননি গোয়ার তরুণ ফরোয়ার্ড। ম্যাচ শেষের ঠিক আগের মুহুর্তে স্ট্রাইকার রয় কৃষ্ণকে উঠিয়ে মিডফিল্ডার শেখ সাহিলকে নামান হাবাস। কিন্তু ততক্ষণে ম্যাচে এটিকে মোহনবাগানের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে চারটি পরিবর্তন করেও ম্যাচে ফিরতে পারেনি বেঙ্গালুরু এফসি। উল্টে সুনীল ছেত্রী ও উদান্তা সিংকে তুলে পরাজিত দলের কোচ মার্কো পেজাইউওলি মোক্ষম ভুল করেছেন বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

নতুন মরসুম শুরু হওয়ার আগে এটিকে মোহনাবাগানে বেশকিছু নতুন মুখের সংযোজন ঘটেছিল। আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি থেকে অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বৌমৌস ও গোলরক্ষক অমরিন্দর সিংকে তুলে নিয়েছিল সবুজ-মেরুন। দুই তারকাকেই এদিন ম্যাচের প্রথম থেকে মাঠে দেখা যায়। চেন্নাইইন এফসি থেকে আসা মিডফিল্ডার দীপক টাংগরিকেও এদিন প্রথম থেকে খেলান এটিকে মোহনবাগান কোচ হাবাস। অন্যদিকে আইএসএলের মতোই ক্লেইটন সিলভাকে সামনে রেখে পিছন থেকে খেলা পরিচালনা করার চেষ্টা করেন অধিনায়র সুনীল ছেত্রী, সুরেশ সিং ও উদান্তা সিংরা। বেশ কয়েকটি পজিটিভ মুভ তৈরি করেও ম্যাচে গোল পেতে ব্যর্থ হয় বেঙ্গালুরু এফসি। উল্লেখ্য মঙ্গলবার রাতে দলের অন্যতম ভরসা প্রণয় হালদারের সঙ্গে দুই বছরের সম্পর্ক ছেদ করে এটিকে মোহনবাগান। তাঁকে আগামী আইএসএলে জামশেদপুর এফসি-র জার্সিতে দেখা যেতে পারে বলে খবর। যদিও অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাব বুধবারের ম্যাচে দুর্দান্তভাবে পূরণ করেন সবুজ-মেরুনের দীপক টাংগরি, শুভাশিস বোসরা।

ম্যাচে ৬৮ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে বেঙ্গালুরু এফসি। গোলমুখে ১২টি শট নিলেও মাত্র তিনটি টার্গেটে রাখতে সক্ষম হন সুনীল ছেত্রীরা। অন্যদিকে বলের দখলে অনেকটা পিছিয়ে থেকেও গোলমুখে নেওয়া ১১টির মধ্যে পাঁচটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হন রয় কৃষ্ণরা। আর এখানেই দুই দলের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যায়। এই জয়ের ফলে মূল্যবান ২ পয়েন্ট নিয়ে এএফসি কাপের ডি গ্রুপের শীর্ষ স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান। গ্রুপ পর্বে নিজেদের পরের ম্যাচ আগামী ২১ অগাস্ট মালদ্বীপের মার্জিয়া ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন।

উল্লেখ্য গত মরসুমের আইএসএলের আগে এটিকের সঙ্গে সংযুক্ত হয়েছিল মোহনবাগান। নতুন মোড়কে গত ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে সবুজ-মেরুন। তবু রানার্স হয়েই থামতে হয়েছিল আন্তোনিও লোপেজ হাবাসের দলকে। গত আইএসএলে সপ্তম স্থানে অভিযান শেষ করেছিল বেঙ্গালুরু এফসি। যদিও কলকাতার ক্লাব এএফসি কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল আরও এক মরসুম আগে। ২০১৯-২০২০ মরসুমের আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল তৎকালীন এটিকে। অন্যদিকে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। ওই দুই সফলতাই এটিকে মোহনবাগানকে এএফসি কাপের মূলপর্বে টেনে আনে।

ম্যাচ শেষে টুইট করে নিজের দুর্দান্ত জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এটিকে মোহনবাগানের রয় কৃ্ষ্ণ, সুমিত রাথি, মনবীর সিংরা। যেগুলি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+