আইএসএলে এটিকে মোহনবাগানকে রুখে দিল মুম্বই সিটি এফসি! প্রচুর সুযোগ নষ্ট ফেরান্দোর দলের
আইএসএলে গতবারের দুই ফাইনালিস্ট আজ ফের মুখোমুখি হয়েছিল ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে। প্রচুর সুযোগ নষ্টের খেসারত দিয়ে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হলো এটিকে মোহনবাগানকে। তবে মুম্বই সিটি এফসির কাছে পরাজয়ের ধারা এদিন রুখে দিতে পেরেছে হুয়ান ফেরান্দোর দল। তবে ভাগ্য সুপ্রসন্ন থাকলে এদিন এটিকে মোহনবাগান গতবারের চ্যাম্পিয়নদের হারিয়েও দিতে পারতো।

প্রথম থেকেই এটিকে মোহনবাগান আধিপত্য বজায় রেখেছিল। এগিয়ে থাকার পরও একের পর এক আক্রমণ শানাচ্ছিল। ম্যাচ ১-১ হতে মুম্বই সিটিও এগিয়ে যাওয়ার মরিয়া প্রয়াস চালাতে থাকে। যদিও বেশি সুযোগ তৈরি করে এটিকে মোহনবাগানই। মুম্বইয়ের গোলকিপার মহম্মদ নওয়াজ সেরা ছন্দে না থাকলেও বেশ কয়েকটি অনবদ্য সেভ করে দলের বিপদ রোধ করেন। ৩৬ মিনিটে লিস্টন কোলাসোর ফ্রি কিক বিপক্ষের ওয়ালে প্রতিহত হলে গোলমুখী শট নেন ডেভিড উইলিয়ামস। গোলকিপার পরাস্ত হলেও সেই শটটি পোস্টে লেগে ফিরে আসে। লিস্টন কোলাসো, মনবীর সিংদের প্রয়াসও অনবদ্য দক্ষতায় রুখে দেন মুম্বই কিপার।

তিনে থাকা কেরালা ও পাঁচে থাকা এটিকে মোহনবাগানের ঝুলিতে রয়েছে ২০ পয়েন্ট করে, দুই দলই ১২টি করে ম্যাচ খেলেছে। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হায়দরাবাদ এফসি। দুইয়ে থাকা জামশেদপুরের ১২ ম্যাচে ২২ পয়েন্ট। চারে রয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি, তাদের ২০ পয়েন্ট ১৪ ম্যাচে। তিন থেকে পাঁচ নম্বর দলের পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যের ফলে পাঁচে রয়েছে ফেরান্দোর দল।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। শুধু জয়সূচক গোলটিই আসেনি। দ্বিতীয়ার্ধে অবশ্য বাগানের চেয়ে ভালো খেলে মুম্বই। ইগর আঙ্গুলো, লালিয়ানজুয়ালা ছাংতের কয়েকটি প্রয়াস আটকে দেন বাগান গোলরক্ষক অমরিন্দর সিং। সবুজ মেরুন দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ তৈরি করতে সক্ষম হলেও তা থেকে গোল পাওয়ার সম্ভাবনা বিশেষ ছিল না, আসেওনি। সহজ সুযোগ নষ্ট করেন শুভাশিস বোস। ব্যক্তিগতভাবে কয়েকজন দারুণ প্রয়াস চালালেও দ্বিতীয়ার্ধে দলগতভাবে এটিকে মোহনবাগান সেভাবে দাগ কাটতে পারেনি। কিন্তু যে পরিমাণ সুযোগ এদিন তারা নষ্ট করেছে তাতে তিন পয়েন্ট হাতছাড়া হওয়ার আক্ষেপ থাকতেই পারে। ৮৫ মিনিটে আশুতোষ মেহতার জায়গায় নেমে কাজের কাজ করতে পারেননি ডার্বির নায়ক কিয়ান নাসিরি। ম্যাচের শেষ লগ্নে নড়বড়ে প্রীতম কোটাল আরও একটি আত্মঘাতী করে ফেলছিলেন, যদিও বাগানের বিপদ আর বাড়েনি।
It was a game full of chances between @MumbaiCityFC and @atkmohunbaganfc but both sides had to settle for a point each 🤝
— Indian Super League (@IndSuperLeague) February 3, 2022
Watch the best moments from the match in under 60 seconds, ICYMI 🎥✨#ISLRecap #MCFCATKMB #HeroISL pic.twitter.com/TCwhVL1fwF
ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন এটিকে মোহনবাগানের তিরি। এদিনের ম্যাচ ড্র হওয়ায় এটিকে মোহনবাগান ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানটি ধরে রাখল। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে মুম্বই সিটি এফসি। কাল কেরালা ব্লাস্টার্স এফসির প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি।












Click it and Unblock the Notifications