এফসি গোয়ার দলে ফের ভাঙন ধরাতে চলেছে এটিকে মোহনবাগান
তারকা কোচ'কে ছিনিয়ে নেওয়ার পর মাঝ মরসুমে এ বার গোয়ার দল ভাঙিয়ে ফুটবলার নিতে চলেছে এটিকে মোহনবাগান। দু'টি করে ম্যাচ হেরে এবং ড্র করে চাপের প্রেসার কুকারে ফুটতে থাকা এটিকে মোহনবাগানের ড্রেসিংরুমে তাজা বাতাসের প্রবেশ ঘটেছে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ শেষে। বাগানের কোচ হিসেবে প্রথম ম্যাচেই দলকে জয় এনে দিয়েছেন জুয়ান ফেরান্দো।

তবে এই ম্যাচেও খালিদ জামিলের দলের বিরুদ্ধে হজম করতে হয়েছে দু'টি গোল। এটিকে মোহনবাগানের আক্রমণ ভাগ অসাধারণ খেললেও কোচ জুয়ানকে চিন্তায় রেখেছে সবুজ মেরুন রক্ষণ। ডিফেন্সে সন্দেশ ঝিংঘানেরের মতো স্তম্ভ না থাকার অভাবটা প্রতি ম্যাচেই টের পাচ্ছে সবুজ-মেরুন। রক্ষণ'কে মেরামত করতে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো'তে এফসি গোয়ার ডিফেন্সের অন্যতম ভরসা ইভান গঞ্জালেস'কে টার্গাট করছে এটিকেএমবি। স্প্যানিশ কোচের মধ্যে দিয়েই এই বিদেশি ডিফেন্ডার'কে পাওয়ার জন্য জাল পাতছে গোষ্ঠপাল সরণী'র ক্লাব।
সূত্রের খবর, দুই পক্ষের মধ্যে একবার কথাও হয়েছে। তবে, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর আগে পুরো চিত্রটা পরিস্কার হবে না কারণ ইভান'কে পেতে হলে ট্রান্সফার ফি দিতে হবে সবুজ-মেরুন'কে।
অপর দিকে, জানুয়ারি'র ট্রান্সফার উন্ডোয় ডেভিড উইলিয়ামস'কে ছেড়ে দেওয়ার বিষয়ে মনস্থির করে নিলেও হঠাৎই মত পরিবর্তন হয়েছে টিম ম্যানেজমেন্টের। দেশের হয়ে খেলার জন্য জানুয়ারি'র প্রথম সপ্তাহে ফিজি পারি দেবেন রয় কৃষ্ণ। এই বিষয়টি নিয়ে ফিজি ফুটবল ফেডারেশনের তরফ থেকে সরকারিভাবে সবুজ-মেরুনের কাছে এখনও কোনও চিঠি না এলেও, মৌখিকভাবে কথা হয়ে গিয়েছে এটিকে এমবি'র সঙ্গে। কৃষ্ণার পরিবর্তন হিসেবে ইতিমধ্যেই কোচের পছন্দের খেলোয়াড় এবং আইএসএলের অন্যতম সেরা স্প্যানিশ স্ট্রাইকার ফেরান কোরোমিনাসের সঙ্গে কথা চূড়ান্ত করে ফেলেছে এটিকে ম্যনেজমেন্ট। শুধু সইয়ের অপেক্ষা। কোরোমিনাসের দিকে নজর ছিল ইস্টবেঙ্গলেরও। কিন্তু বাগানের থেকে ছিনিয়ে নেওয়ার মতো আর্থিক খরচ করতে রাজি ছিল না এসসি ইস্টবেঙ্গল। এই এফসি গোয়ার বিরুদ্ধেই পরের ম্যাচে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান।
এই মুহূর্তে লিগ টেবলের পঞ্চমস্থানে রয়েছে তারা। সাত ম্যাচের মধ্যে তিনটি জিতে এবং দু'টি ড্র করে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। চতুর্থস্থানে থাকা হায়দরাবাদ এফসি'র সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এক। বাগানের প্রতিপক্ষ এফসি গোয়া রয়েছে অষ্টমস্থানে। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট।












Click it and Unblock the Notifications