আইএসএল-র হাড্ডাহাড্ডি ম্য়াচে গোয়ার কাছে হেরে শীর্ষ স্থান হারাল এটিকে
আইএসএল-র হাড্ডাহাড্ডি ম্য়াচে গোয়ার কাছে হেরে শীর্ষ স্থান হারাল এটিকে
আইএসএল-র হাড্ডাহাড্ডি ম্যাচে এফসি গোয়া-র কাছে হেরে লিগ তালিকার শীর্ষ স্থান হারাল এটিকে। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। সম পরিমাণ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে রয়েছে এফসি গোয়া।

ফতোরদার জহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই এফসি গোয়া ও এটিকে-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। দুই দলের খেলোয়াড়রা একে অপরকে কড়া ট্যাকেলও করতে থাকেন। বেশ কয়েকবার ঘাত-প্রতিঘাতে জড়িয়ে পড়েন তাঁরা। প্রথমার্ধে একাধিকবার গোলের সুযোগ তৈরি করেও সফলতা পায়নি কোনও দল।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় এটিকে ও এফসি গোয়ার ফুটবলাররা। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন দুই দলের ফুটবলাররা। ম্যাচের ৬০ মিনিটে প্রথম গোল পায় হোম টিম। গোল করেন মোউরটাডা ফল। ম্যাচের ৬৪ মিনিটে এটিকে-র হয়ে গোল শোধ দেন জবি জাস্টিন। ঠিক এর দুই মিনিট পর এফসি গোয়া-র হয়ে জয়সূচক গোল করেন ফেরান কোরোমিনাস।
আজ সন্ধ্যায় আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে বেঙ্গালুরু এফসি। ৭ ম্যাচে ১৩ নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সুনীল ছেত্রীরা। আজকের ম্য়াচ জিতলে শীর্ষ স্থান দখল করবে বেঙ্গালুরু। সম পরিমাণ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি।












Click it and Unblock the Notifications