Asian Games: এশিয়ান গেমসের জন্য় ভারতের মহিলা ফুটবল দল ঘোষিত, সুযোগ পেলেন কল্যাণীর সংগীতা
Asian Games: এশিয়ান গেমসের জন্য ভারতের মহিলা ফুটবল দল ঘোষণা করা হলো আজ। হেড কোচ থমাস ডেননার্বি বেছে নিয়েছেন ২২ সদস্যের দল। যাতে বাংলা থেকে সুযোগ পেলেন কল্যাণীর সংগীতা বাসফোড়।
এশিয়ান গেমসের আসর চিনের হাংঝৌয়ে বসছে ২১ সেপ্টেম্বর থেকে। চলবে অক্টোবরের ৬ তারিখ পর্যন্ত।

ফিফা দলগত ক্রমতালিকায় ভারতের মহিলা ফুটবল দল রয়েছে বিশ্বের ৬১ নম্বরে। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ফুটবলে বি গ্রুপে রয়েছে। সেই গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে বিশ্বের ৩৮ নম্বরে থাকা চাইনিজ তাইপে ও ৪৬ নম্বরে থাকা তাইল্যান্ড। পাঁচটি গ্রুপে রাখা হয়েছে মোট ১৭টি দেশকে। গ্রুপ এ, বি ও সি-তে রয়েছে তিনটি করে দেশ, ডি ও ই গ্রুপে রয়েছে চারটি করে দেশ।
পাঁচটি গ্রুপের যারা শীর্ষস্থান দখল করবে তারা সরাসরি পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। পাঁচটি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলগুলি পয়েন্ট ও প্রয়োজনে গোলপার্থক্যের নিরিখে যাবে শেষ আটে। এশিয়ান গেমসে মহিলাদের ফুটবলারদের জন্য কোনও বয়সের সীমারেখা নেই। সব দেশই নিজেদের সেরা ফুটবলারদের বেছে নিয়ে দল গঠন করতে পারে।

এশিয়ান গেমসে এই নিয়ে তৃতীয়বার অংশ নিচ্ছে ভারতের মহিলা ফুটবল দল। ১৯৯৮ সালের ব্যাঙ্কক ও ২০১৪ সালে ইঞ্চেয়ন এশিয়ান গেমসের পর। এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ফুটবল দলে বাংলার অধিনায়ক সংগীতা বাসফোড়ের উপস্থিতি বাংলার ফুটবল মহলে খুশির হাওয়া এনেছে। একনজরে দেখে নেওয়া যাক ২২ সদস্যের দলে কারা রয়েছেন:
গোলকিপার- শ্রেয়া হুডা, সৌম্যা নারায়ণস্বামী, পান্থোই চানু। ডিফেন্ডার- আশালতা দেবী, সুইটি দেবী, রীতু রানি, দালিমা ছিব্বার, অষ্টম ওরাওঁ, সঞ্জু, রঞ্জনা চানু। মিডফিল্ডার- সংগীতা বাসফোর, প্রিয়াঙ্কা দেবী, ইন্দুমতী কাঠিরেসান, অঞ্জু তামাং, সৌম্যা গুগুলোথ, ডাংমেই গ্রেস। ফরওয়ার্ড- প্যারী জাক্সা, জ্যোতি, রেনু, বালা দেবী, মণীষা, সন্ধ্যা রঙ্গনাথন।
(ছবি- এআইএফএফ মিডিয়া)












Click it and Unblock the Notifications